লাইফস্টাইল ডেস্ক : ঘরের কোণে এক টুকরো সবুজ থাকলে বেড়ে যায় সৌন্দর্য। চার দেয়ালে বন্দী জীবন স্পর্শ পায় একটি স্নিগ্ধ পরিবেশের। তাই গাছ দিয়েই আপনি সাজাতে পারেন আপন নীড়। ঘরের মাঝে থাকা ছোট্ট সবুজ আপনাকে নিয়ে যেতে পারে প্রকৃতির কাছাকাছি। কিন্তু বাড়িতে শুধু গাছ রাখলেই চলবে না। কীভাবে সজীব ও সুন্দর রাখা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ইনডোর প্লান্ট বা ঘরের ভেতরে রাখা গাছের বিশেষ যত্ন না নিলে আপনার ঘর দেখাবে অপরিষ্কার। তাই-
* ইনডোর প্লান্ট এসি বা এয়ারকুলারের একদম সামনে রাখা যাবে না। বাতাসের তোড়ে গাছ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। গাছের চেহারা ভালো রাখতে মাঝে মাঝে জায়গা বদল করে রাখুন।
*ইনডোর প্লান্ট বেশি বড় হওয়া উচিৎ নয়। এতে ঘর অন্ধকার লাগবে। তাই বাড়তি ডালপালা ছেটে ফেলুন।
*গাছে প্রতিদিন পানি দেয়ার প্রয়োজন নেই। এতে গাছ পচে যেতে পারে। গাছের গোড়ায় দেয়া অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ারও ব্যবস্থা রাখতে হবে।
*সপ্তাহে একবার গাছে পোকামাকড়ের ওষুধ দিন।
*অনেক সময় গাছের পাতায় সাদা ছোপ-ছোপ দেখা যায়। এটা এক ধরনের ফাঙ্গাস সংক্রমণ। সেক্ষেত্রে অল্প সাবানের গুঁড়া পানিতে মিশিয়ে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন পাতা পরিষ্কার হয়ে গেছে।
*সপ্তাহে অন্তত একদিন সব গাছ রোদে রাখুন। কড়া রোদে রাখবেন না। সকালের হালকা রোদে গাছ কিছুক্ষণ বাইরে রাখার চেষ্টা করুন।
*অনেকে গাছের ময়লা পরিষ্কার করার জন্য পালকের ডাস্টার ব্যবহার করেন। কিন্তু এ পালকের ডাস্টার থেকে অনেক ছোট পোকা পাতায় চলে গিয়ে প্লান্টের ক্ষতি করতে পারে। তাই নরম কাপড়ে পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করুন।
*প্লান্টে ইনফেকশন কম করতে মাসে একবার নিমপাতা গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন ভিজিয়ে রাখা পানি ছেকে নিয়ে গাছের ওপর ঢেলে দিন।
*টব বদলানোর সময় খেয়াল রাখুন শিকড় যাতে ভেঙে না যায়।
*গাছের পাতার রঙ হালকা হতে থাকলে ঠাণ্ডা ও আলো কম পৌঁছায় এমন জায়গায় রাখুন।
*টবের মাটি মাঝে মাঝে ওলট-পালট করে দিন। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে।

