লাইফস্টাইল ডেস্ক : চলছে বর্ষা মৌসুম। রোদ বৃষ্টির দোলাচলে পরিত্রাণ মিলছে না ভ্যাপসা গরমের হাত থেকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির আগমনে আশেপাশের পরিবেশ হয়ে উঠেছে স্যাঁতসেঁতে। ঘরবাড়ির সঙ্গে জামা-কাপড়, আসবাবপত্রেও থাকে ভেজা ভাব। বাড়তি সমস্যা হিসেবে থাকে পোকা-মাকড়ের উপদ্রব। বাড়িতে রাখা শুকনা খাবার হয়ে যাচ্ছে খাওয়ার অনুপযোগী। এসব সমস্যা থেকে রেহাই পেতে পারেন খুব সহজে। তাই আসুন জেনে নেয়া যাক সহজ কিছু উপায়।
* বর্ষায় ঘরের মেঝেতে স্যাঁতসেঁতে ভাব লক্ষ্য করা যায়। যদি এই ভেজাভাব দূর করতে চান তাহলে রুম ফ্রেশনার স্প্রে করুন। দেখবেন ঘরের ভেতর একটা ফ্রেশ ভাব ফুটে উঠবে।
* বৃষ্টির সময় জানালা দরজা বন্ধ রাখতে হবে, যাতে ঘরের ভেতর পানি বা আদ্রতা ঢুকে না যায়। বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার শুকনা কাপড় দিয়ে মেঝে মুছে নিন। অল্প সময়ে ঝকঝকে শুকনা ঘর পেতে ঘর মোছার বিকল্প নেই।
* জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব দূর করার জন্য আলমারিতে রেখে দিন চকের টুকরা। জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব চলে যাবে নিমিষে।
* বর্ষা এলে ঘরে মজুদ রাখা চাল, ডাল ও আটায় পোকার উপদ্রব দেখা দেয়। তাই চাল, ডাল ও আটা রাখার পাত্রে কয়েকটা শুকনা নিমপাতা রেখে দিলে আর পোকার উপদ্রপ হবে না।
* বর্ষা মৌসুমে বিস্কুট রেখে দিলে দুদিনেই পাত্রে ভিজেভাব দেখা যায়। তাই এক টুকরা ড্রাই সল্ট রেখে দিলে দেখবেন ভিজেভাব দূর হয়ে যাবে, বিস্কুটও মচমচে থাকবে।
* মশা, মাছি ও পোকা-মাকড়ের উপদ্রব বর্ষাকালে খুব বেশি দেখা যায়। তাই ফেলে দেয়া চায়ের পাতা ভালো করে শুকিয়ে ধূপের বদলে ব্যবহার করলে উপকার পাবেন। দেখবেন চা-পাতার পোড়া গন্ধে পোকা-মাকড় পালিয়ে দূর হবে।
* মশা-মাছির উপদ্রব থেকে রক্ষা পেতে চাইলে কয়েকটা কর্পূর পানিতে ভিজিয়ে ঘরের এক কোণে রেখে দিন। দুদিনেই মশা-মাছির উপদ্রব কমে যাবে।

