লাইফস্টাইল ডেস্ক : বর্ষার দিন এলে আদুরে খাবারের আলাপ জমে মনের কোণে। এই দিনে প্রিয় মানুষটির খাবারে তৃপ্তি যোগানো যেন অনীবার্য হয়ে যায়। এমনো ঝরো ঝরো বাদল দিনে মাছে ভাতে বাঙালির পাতে একটুকরো ইলিশ থাকবে না, তা কি হয়? তাও যদি হয় স্পেশাল স্বাদের ইলিশ মাখানি। খাওয়ার আগ্রহ বেড়ে যায় হাজার গুণ। তাই আসুন শিখে নেয়া যাক সহজে ইলিশ মাখানি রান্নার সহজ রেসিপি।
যা যা লাগবে
ইলিশ মাছ ১ কেজি, টক দই ৪ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো ২টি, ৪টি পিঁয়াজ কুচি, ২৫০ গ্রাম সরিষার তেল, ৪ চামচ মরিচ গুঁড়া, লবণ পরিমানমতো, হলুদ পরিমান মতো, সরিষার গুঁড়া আধা চা চামচ।
যেভাবে করবেন
প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন বাটা বাদামী করে ভাজুন। এবার তাতে মাছগুলি দিয়ে নাড়তে থাকুন। মাছগুলি ভাজা হয়ে এলে এরপর তার ভেতর চিনি ও টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পর তাতে দই, সরিষার গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও হলুদ দিয়ে দিন। সব মশলা ভালোভাবে ভাজা হলে ১ কাপ পানি দিয়ে মাখা ঝোল হলে নামিয়ে আনুন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাখানি।

