নিজস্ব প্রতিবেদক : যারা রাজধানীর গুলশান লেক ভরাট করে সেখানে স্থাপনা তৈরি করছেন, ৭ দিনের মধ্যে রাজউক চেয়ারম্যান ও পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে ৩ সপ্তাহের মধ্যে তা জানাতেও বলা হয়েছে।
এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
গুলশান লেকে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কাউকে অনুমতি না দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, রাজউক চেয়ারম্যান, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ৮ জনকে এ রুলের জবাব দিতে হবে।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান জামান এ রিটটি দায়ের করেছিলেন।

