তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড’ এ আবেদনের সময় বাড়ানো হয়েছে। ১০ জুলাই পর্যন্ত আউটসোর্সিং পেশার সঙ্গে জড়িত আগ্রহী কোম্পানি ও ফ্রিল্যান্সাররা এই অ্যাওয়ার্ডে অংশগ্রহণের আবেদন করতে পারবেন।
২০১১ সাল থেকে বেসিস ফ্রিল্যান্সারদের উৎসাহিত করার জন্য এবং তরুণদের অনলাইন আউটসোর্সিংয়ে আগ্রহী করার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। বেসিস পঞ্চমবারের মতো এবার আয়োজন করতে যাচ্ছে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড’।
গত বছরের মতো এবারও সর্বমোট ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আউটসোর্সিংকে সারাদেশে ছড়িয়ে দেবার জন্য ৬৪টি জেলা থেকে সেরা ৬৪জন ফ্রিল্যান্সার তথা আইটি উদ্যোক্তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এছাড়াও ব্যক্তিগত ক্যাটাগরিতে ৮ জন এবং ৩ জনকে নারী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে ১৫টি কোম্পানি আউটসোর্সিং খাতে বিশেষ অবদানের জন্য বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পাবে।
এবারই প্রথম স্টার্টআপ কোম্পানি ক্যাটাগরিতে ১০টি কোম্পানিকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। কয়েকটি ধাপে নিবিড় পর্যালোচনা ও সাক্ষাৎকারের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে রপ্তানীর পরিমাণ, কর্মসংস্থান ও তাদের সামাজিক ভূমিকাকে প্রাধান্য দেয়া হবে।
বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৫ এর আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ জানান, আগ্রহী প্রতিযোগীদের সুবিধার্থে এবং আরো বেশি প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়ানো হয়েছে।
আগ্রহী যেকোনো ফ্রিল্যান্সার ও এই খাতের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.outsourcingaward.basis.org.bd) থেকে নিবন্ধন করার মাধ্যমে এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।
পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
বিস্তারিত জানতে ফোন করুন এই নম্বরে ০১৭৬৬-৮৮১১১১।

