বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অচেনা হৃদয়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নিজের অবস্থানের কথা জানান দিয়েছেন সাবেক লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রসূন আজাদ। নতুন খবর হলো, ‘সেফটিপিন’ শিরোনামে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
আগামী ২৭ জুন থেকে শুরু হচ্ছে ‘সেফটিপিন’ ছবির চিত্রধারণের কাজ। দেবজ্যোতি ভক্তের পরিচালনায় এতে প্রসূনের বিপরীতে থাকছেন আরজে নিরব। ছবির গল্পে দেখা যাবে, হিন্দু একটি ছেলেকে ভালোবাসে মুসলিম পরিবারের একটি মেয়ে। এক পর্যায়ে তাদেরকে সমাজ ব্যবস্থার সঙ্গে লড়াইয়ে নামতে হয়। রাজধানী ঢাকাসহ কক্সবাজার ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে ছবিটির চিত্রধারণ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীতার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন প্রসূন আজাদ। এক পর্যায়ে টিভি নাটকের নিয়মিত মুখ হয়ে উঠেন। তবে কাজী হায়াতের পরিচালনায় ‘সর্বনাশা ইয়াবা’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হন প্রসূন। সম্প্রতি এসআই খানের পরিচালনায় ‘অচেনা হৃদয়’ নামে তার দ্বিতীয় ছবিটি মুক্তি পেয়েছে।

