বিনোদন ডেস্ক : সন্তানের প্রতি মমত্ব, ভালোবাসা, শুভকামনা ও দ্বায়িত্ববোধ পরিপূর্ণ করে পিতাকে। তবুও জীবনের সকল অধ্যায়ের সঙ্গে নিজেকে মেলাতে পারেন না পিতৃপুরুষ। ত্যাগ ও সহনশীলতার প্রতিমূর্তি এক পিতার জন্য কেবল একটি দিন নয়- কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসার সবটুকু সময়। বিশ্ব বাবা দিবস উপলক্ষ্যে মাছরাঙা টেলিভিশনের বিষেশ আয়োজনে প্রচার হবে আগামী ২৫ জুন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে টেলিফিল্ম ‘ক্ষরণ’।
অপার্থিব সম্পর্ক ও পিতৃত্বের প্রাপ্তি নিয়ে নির্মিত হয়েছে ‘ক্ষরণ’। শারমিন ফারিয়া ও ফরহাদ লিমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জীব সাহা সঞ্জু। নাটকে বাবা ছেলে ভূমিকায় অভিনয় করেছেন আবুল হায়াত ও এফএস নাঈম। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অপর্ণাকে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শেলী আহসান, জিনাত, শওকত আলী রানা, বাপ্পী নীল, সিমি ও আরো অনেকে।
নির্মাতা সঞ্জীব সাহা সঞ্জুর প্রথম পরিচালিত নাটক ‘ক্ষরণ’। নাটক ও গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা দিবসের নাটক বা টেলিফিল্ম বলতে যে ধরনের গল্প বুঝি, এ টেলিফিল্মের কাহিনি ঠিক তেমন নয়। পিতার যেমন পিতৃত্ব, সন্তান নামটি পেতে হলেও তেমন গুনাবলী থাকা চাই। নৈতিক অবক্ষয়ের বর্তমান সময়ে প্রাপ্য সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা কতটুকু পাচ্ছেন একজন পিতা, সেটা বড় প্রশ্ন। আর তাই কিছুটা হলেও দ্বায়বদ্ধতার জায়গা থেকেই এই প্রয়াস।’

