স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বাংলাদেশ দল প্রতিপক্ষের বিপক্ষে সাধারণত স্পিনারদের নিযে খেলে থাকে। সেখানে সর্বোচ্চ তিন পেসার খেলানো হয়। তবে ভারতের সঙ্গে প্রথম ওয়ানডেতে প্রথমবারের মতো চার পেসারকে নিয়ে মাঠে নেমেছিল মাশরাফি-বাহিনী। আর তাতে বাংলাদেশের এমন পেসার আর স্পিনারদের নিয়ে বৈচিত্র্যপূর্ণ বোলিং দেখে ভীষন মুগ্ধ হয়েছেন ভারতের ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বেশিরভাগ দলের বিপক্ষে বাংলাদেশ স্পিনারদের একটু বেশি প্রাধান্য দিয়ে থাকে। এমনকি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও চার পেসার খেলোনোর দুঃসাহস দেখাতে পারেননি মাশরাফি।
অথচ ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাঁ-হাতি-ডানহাতি পেসারের সঙ্গে অফ-স্পিনার এবং বাঁ-হাতি স্পিনার দিয়ে একবৈচিত্র্যপূর্ণ বোলিং নিয়ে খেলতে নামে।
এমন বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে প্রতিপক্ষের অধিনায়ক ধোনিও বিস্মিত। চার পেসারের সঙ্গে দুই বামহাতি-ডানহাতি স্পিনার খেলানো প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশ দলের যা অর্জন করার কথা, তা করেনি আন্তর্জাতিক ক্রিকেটে। তবে ওয়ানডেতে তারা খুবই ভালো দল। তারা বড় এক শক্তি হতে যাচ্ছে। আর ২০০৫ সাল থেকে তাদের অনেক ক্রিকেটারএই দলে খেলছে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে বাংলাদেশের বোলিংয়ে ভালোই বৈচিত্র্য ছিল। তারা অনেক বোলার ব্যবহার করেছে। এমনকি তাদের এ সুযোগ ছিল যথেষ্ট পরিমাণে। তবে আমি হেরে দুঃখিত নই। কারণ তারা শুরু থেকেই আমাদেরবোলারদের ওপর চড়াও হয়ে খেলেছে।সেই সঙ্গে তাদের ব্যাটসম্যানরাও বড় শট খেলেছে। বলতে পারেন, ম্যাচের শুরু থেকেই আমাদের ওপর চাপ তৈরি করেছে।’
অভিষেক ম্যাচে ৫টি উইকেট নেয়া মুস্তাফিজুর বোলিং সম্পর্কে ধোনি বলেন, ‘সে এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচ খেলেছে। জাতীয় দলে যে ডাক পায়, তার অবশ্যই দক্ষতা থাকেই। তাই সে ভালো বোলিং করেছে। তাছাড়া ওর (মুস্তাফিজ) ডেলিভারিতে বৈচিত্র্য ছিল।’
প্রথম ওয়ানডেম্যাচের ২৫তম ওভারের ঘটনা। মুস্তাফিজের বলে রান নিতে ছুটছিলেন ধোনি। ফিল্ডারের দিকে তাকিয়ে মুস্তাফিজ দাঁড়িয়ে ছিলেন উইকেটেই। রান নেয়ার পথে ধোনি নিজের জায়গা থেকে সরে ধাক্কা মারেন মুস্তাফিজকে। উইকেটের মাঝ থেকে অপর পাশে ছিটকে যান মুস্তাফিজ।
প্রথম ওয়ানডে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাঠের সেই ঘটনার ব্যখ্যায় হাসিমুখে ধোনি বলেন, ‘বোলার মনে করেছিল আমি সরে যাব পথ থেকে। আমি মনে করেছিলাম বোলার সরে যাবে।কেউই সরে যায়নি, তাই ধাক্কা লেগে গেছে। আমি মনে করি, খেলায় এমন হতেই পারে। এ বিষয়টি খুব বড় করে দেখারও কিছু নেই। পরে আমি ওর (মুস্তাফিজ) সঙ্গে কথাও বলেছি।’

