ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের জয়ে বিস্ময় দেখছেন না গাভাস্কার

Link Copied!

Gavaskarস্পোর্টস ডেস্ক : ৩০ বারের মোকাবেলায় চতুর্থ জয়। সবচেয়ে বড় কথা ভারতের বিরুদ্ধে এই প্রথম ৩০০ পেরিয়ে সর্বোচ্চ ৭৯ রানের ব্যবধানে রেকর্ড জয়। বাংলাদেশ শিবিরে চলছে দারুণ এই জয়ের উৎসব। অন্যদিকে ভারতে চলছে ধোনিদের মুণ্ডুপাত। তবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এমন দাপুটে জয় মোটেও বিস্ময়কর নয় বলে মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক এই গ্রেটের মত, এটা ধারাবাহিকতারই অংশ।
‘বাংলাদেশের কাছে ভারতের লজ্জাজনক হার’ শিরোনামে ভারতের শীর্ষ সংবাদ চ্যানেল এনডিটিভি একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন গাভাস্কার। তার মতে, টেস্টে বাংলাদেশ এখনও আলো ছড়াতে না পারলেও ওয়ানডে ক্রিকেটে তারা বেশ সাবলিল ও ধারাবাহিক।
তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে যদি ওদের খেলা আপনি দেখে থাকেন, সীমিত ওভারের ক্রিকেটে ওরা কিন্তু দারুণ খেলছে। তারা আগের তুলনায় অনেক বেশি সীমিত ওভারের ম্যাচ খেলছে। তারা যত বেশি খেলবে, ততই উন্নতি করবে। গত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স তো অবিশ্বাস্য ছিল। ফলে গত বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে তাদের জয় আমার কাছে অপ্রত্যাশিত কিছু মনে হয়নি।’
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে অনেক কিছুই হয়েছে। কালকের জয়টি বিশ্বকাপের প্রতিশোধ ছিল কি না বাংলাদেশের জন্য? এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘হয়তো সমর্থকদের মধ্যে এমন একটা ভাবনা কাজ করেছে। তবে আমি মনে করি না বাংলাদেশের খেলোয়াড়েরা এমনটা ভেবেছে। দেখুন বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ ছিল। সেখানে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত পাকিস্তানের বিপক্ষে গিয়েছিল। তখন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিল, খেলায় এ ধরনের ঘটনা ঘটতেই পারে। ব্যাপারটি এমন নয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের ঘটনা শুধু বাংলাদেশের বেলায় ঘটছে কিংবা অস্ট্রেলিয়ার বেলায় ঘটছে না। আম্পায়ারের সিদ্ধান্ত বড় কোনো ঘটনা নয়। সেটাকে বড় কোনো ঘটনা বানানো ম্যাচ হারার একটা অজুহাত হতে পারে। ভারতেরও আজকের (গতকাল) পরাজয়ের কোনো অজুহাত নেই। ওরা বড় ব্যবধানেই হেরেছে।”
উপস্থাপক আবার জানতে চান, বাংলাদেশ-ভারত ক্রিকেটে এখন নতুন একটা মাত্রা চলে এসেছে কিনা। গত বিশ্বকাপে রুবেল-কোহলির মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এবার রোহিত শর্মার বাক্য বিনিময়, মুস্তাফিজের সঙ্গে ধোনির সেই ধাক্কার ঘটনার কথাও উল্লেখ করেন উপস্থাপক।
গাভাস্কার বলেন, ‘হ্যাঁ, এটা হচ্ছে। দুটো দলই, দুই দলের খেলোয়াড়েরাই মনে করে তারা জিততে পারে। টেস্ট ম্যাচে এই উত্তাপটা ছিল না। কারণ বাংলাদেশ টেস্টে আত্মবিশ্বাসী নয়। কিন্তু ওয়ানডেতে তারা সামান্য ছাড় দিতেও নারাজ। আর আপনার মধ্যে যখন এমন ভাবনা কাজ করবে, আপনি এমনটাই খেলবেন।’