নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘২০১৬ সালের জানুয়ারিতেই মাদরাসা শিক্ষার পাঠ্যবই ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পাঠ্যবইয়ে রূপান্তর শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে দাখিল স্তরের ৬ষ্ঠ শ্রেণীর ৪টি বই এবং অন্য ১২টি সাধারণ শিক্ষার বই নিয়ে কাজ শুরু হয়েছে। ক্রমান্বয়ে ৭ম, ৮ম ও ৯ম ও ১০ম শ্রেণীর বইও ডিজিটালাইজড করা হবে। মাদরাসা শিক্ষা আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না।’
বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) মাদরাসা শিক্ষা ধারার দাখিল স্তরের ইসলামি ও আরবি বিষয়গুলোর পাঠ্যপুস্তক ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল মাদরাসা বুকস-এ রূপান্তর বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছায়েফ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, রোকসানা মালেক, নায়েমের মহাপরিচালক হামিদুল হক, জমিয়াতুল মোদারেছীনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। এজন্য শিক্ষার প্রতিটি স্তরে প্রযুক্তির প্রয়োগ করে দক্ষতার সঙ্গে এগোতে হবে। এখন বড় চ্যালেঞ্জ গুণগতমানের শিক্ষা। এজন্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে।’

