বিনোদন ডেস্ক : ধুতি-পাঞ্জাবী পরে ‘ব্যোমকেশ’ সেজে আর অ্যাকশন দৃশ্য নয়- এবার ছাদনাতলায় বসবেন সুশান্ত সিং রাজপুত। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। শোনা যাচ্ছে, আগামী বছর নভেম্বর মাসে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন শরদিন্দুর সত্যান্বেষী।
চার চোখের মিলন হয়েছিল অনেক আগেই। ছোট পর্দায় স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করতে করতে কখন যে দু’জন কাছে চলে এসেছেন, তা নিজেরাও বুঝতে পারেননি। ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের সেটে শুরু এই প্রেমকাহিনি অবশেষে পাবে সামাজিক স্বীকৃতি।
হ্যাঁ, সম্পর্কের স্বীকৃতি টুকুই দেবে সমাজ। বাকিটা বদলাবে না কিছুই। সংসারের গল্পটা তাদের কাছে নতুন নয়। কারণ, অনেকদিন থেকেই লিভিং রিলেশনে রয়েছেন এই যুগল। একই ফ্ল্যাটে থেকে সুশান্তকে বলিউডি জমিন শক্ত করার শক্তি জোগাচ্ছেন অঙ্কিতা। তবে এবার সমাজকে এড়িয়ে নয়, সকলের আশীর্বাদ নিয়েই নিজেদের সম্পর্কটা পোক্ত করবেন এই জুটি।
আপাতত ধোনির আত্মজীবনীভিত্তিক একটি ছবি নিয়ে ব্যস্ত আছেন সুশান্ত। এখানে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়কের চরিত্রেই দেখা যাবে তাকে।

