বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খান। অন্যদিকে নায়িকাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মাহিয়া মাহি। মাহির নতুন খবর হলো খোরশেদ আলম খসরুর পরিচালনায় ‘মাহি’ নামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন শাকিব খান। এ বিষয়ে পরিচালক খোরশেদ আলম খসরু বলেন, ছবিটির চিত্রনাট্যের কাজ শেষের পথে। ঈদের পর ছবিটির শুটিং শুরু হবে। তবে এ ছবিতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাহিয়া মাহির জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ‘মাহি’।
ছবিতে কয়টি গান থাকছে বা গানগুলোর সংগীত পরিচালনা কে করবেন? এ বিষয়ে পরিচালক বলেন, ‘এ বিষয়ে কথাবার্তা চলছে আশাকরি খুব শিগগিরই চূড়ান্ত খবর বলতে পারব। ছবিটির চিত্রনাট্য লিখেছেন কমল সরকার। এছাড়া ছবিটি প্রযোজনা করেছেন পরিচালক নিজেই। শাকিব খান বর্তমানে ‘মেন্টাল’, ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী-২’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘মাই ডার্লিং’, ‘রাজনীতি’, ‘রাজাবাবু’, ‘রাজা-৪২০’, ‘সত্তা’সহ বেশ কিছু ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি মাহির জীবন-যাপন, স্ক্যান্ডাল ভিডিও প্রকাশ এবং একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কের অভিযোগের জের ধরে জাজ মাল্টিমিডিয়া থেকে প্রযোজিত ও পরিচালিত সব ছবি থেকে মাহিকে বাদ দেওয়া হয়। এদিকে ‘অগ্নি-২’ ছবির ডাবিংয়ে বেশ কয়েকদিন আগে ভারতে গিয়েছিলেন মাহি ও জাজের কর্ণধার আব্দুল আজিজ। এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নতুন খবর প্রকাশিত হয় মাহি আর জাজের সম্পর্ক নাকি আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে জাজ বলছে সবকিছুই গুজব।

