স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে গেলেন ওপেনার তামিম ইকবাল। অশ্বিনের বলে তুলে মারতে গিয়ে রোহিত শর্মার হাতে ধরা পড়েন এই টাইগার ওপেনার। ৬২টি বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তামিমের ফিরে যাওয়ার মধ্য দিয়েই ছন্দপতন ঘটে স্বাগতিক বাংলাদেশের। ১২৩- থেকে ১৪৬- এই ২৩ রানের মধ্যে তামিমকে অনুসরণ করে একে একে ফিরে যান লিট দাস ও মুশফিকুর রহিমও। এই তিনজনই অশ্বিনের শিকারের পরিনত হন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন তরুণ উদীয়মান ক্রিকেটার সৌম্য সরকার।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভারতকে এক ম্যাচে হারাতে পারলেই র্যাংকিংয়ের অষ্টম স্থান থেকে আরেক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে যাবে লাল সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশ দল চার বিশেষজ্ঞ পেসার নিয়ে প্রথম ওয়ানডেতে খেলতে নেমেছে। মাশরাফি, তাসকিন ও রুবেলের পাশাপাশি অভিষিক্ত মোস্তাফিজুর রহমানও রয়েছেন একাদশে। এর আগে টি-২০ তে খেললেও এই প্রথমবার ওয়ানডের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন এই পেসার।
মাশরাফির সিদ্ধান্তকে শুরুতেই স্বাগত জানান দুই ওপেনার তামিম এবং সৌম্য। শুরু থেকেই তারা ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে শুরু করেন। ৪১ বলেই দলীয় রান ৫০ পূরণ করেন ফেলেন দুই ওপেনার।
এরপর বাংলাদেশের রানকে তিন অংকের ঘরে পৌঁছে দিতেও একই গতি ধরে রাখেন দুই ব্যাটসম্যান। ১৩.১ ওভারেই বাংলাদেশের রান ছুঁয়ে যায় ১০০’র ঘর। মোহিত শর্মাকে বাউন্ডারি মেরেই বাংলাদেশের রান ১০১ করে ফেলেন সৌম্য সরকার। একই সঙ্গে তিনি নিজে পৌঁছে যান ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরির মাইলফলকে।
তবে এরপরই ভুলটা করে ফেললেন। মোহিত শর্মার একটি ইয়র্কার বল বেশ ভালোভাবেই ঠেকান তামিম ইকবাল। কিন্তু ভারতের ভাগ্য ভালোই বলতে হয়। ফিল্ডারের কাছে বল থাকার পরও রানের জন্য দৌড় দেন সৌম্য। সুরেষ রায়না বল কুড়িয়ে সরাসরি থ্রো করেন উইকেটে। অপরপ্রান্তে থাকা ব্যাটসম্যান সৌম্য সরকার আউট হয়ে গেলেন।
১৫.৪ ওভারের খেলা হতে না হতেই নামে বৃষ্টি। ফলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। দ্রুত কাভার দিয়ে ঢেকে ফেলা হয় মাঠের উইকেট। তবে প্রায় ১ ঘণ্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান । সাকিব ৫ ও সাব্বির ০ রান নিয়ে ব্যাট করছেন।

