বিনোদন ডেস্ক : এবার আইনি ঘেরাটোপের মধ্যে পড়লেন ঐশ্বরিয়া রায় বচ্চন। ‘মেরিকম’ ছবির পর এবার পাকিস্তানের জেলে ফাঁসি হওয়া ভারতীয় বন্দি সর্বজিৎ সিংহের জীবন নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক উমাং কুমার। যেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করার কথা বিশ্বসুন্দরী। আর তাই নিয়েই শুরু হয়েছে জটিলতা।
ছবিতে দাদার সঠিক ভাবমূর্তি তুলে ধরা হচ্ছে না বলে বেঁকে বসেছেন সর্বজিতের বোন দলবীর। কথাবার্তা বলার প্রয়োজন মনে করেননি, সোজা আইনি নোটিস পাঠিয়েছেন নির্মাতা বরাবর। শুধু তাই নয়, তাই আইনি নোটিস থেকে বাঁচেননি মুখ্য অভিনত্রী ঐশ্বরিয়া।
ভাই সর্বজিৎ আটকা পড়ে পাকিস্তানের জেলে, তাকে নির্দোষ প্রমাণ করে দেশে ফিরিয়ে আনতে বোন দলবীর শুরু করেন দীর্ঘ লড়াই- এ বিষয়বস্তু নিয়েই নির্মিত হবে ছবিটি। কিন্তু এখানে দলবীরের আপত্তি জানানোর কারণ কি, তাই ভাবছেন সকলে। প্রশ্ন উঠছে, তবে কি তৃতীয় পক্ষের উস্কানীতেই এমন নোটিস পাঠাচ্ছেন তিনি?
এর আগে গত বছর সর্বজিতের জীবন নিয়ে পরিচালক সুভাষ ঘাই ছবি করতে গেলে তাকেও একইরকমভাবে নোটিশ পাঠিয়েছিলেন দলবীর। তবে কি ভাইয়ের জীবন নিয়ে ছবি নির্মাণ তিনি ভালো চােখে দেখেন না? আর ঐশ্বরিয়া তো এখনও চুক্তিবদ্ধ হননি, তার আগেই তাকে নোটিস পাঠানোর কি কারণ? দেখা যাক, রহস্যের জট কবে নাগাদ খোলে।

