বিনোদন ডেস্ক : যুগে যুগে আবর্তিত হয় প্রেম, চিরায়ত ইতিহাসে স্থান পায় অমর প্রেমের দৃষ্টান্ত। আর তাই পুরানো হয়না কালজয়ী প্রেমের গল্প। সময় বদলে যায়- তবে ভিন্ন রূপে ফিরে ফিরে আসে দেবদাস, পার্বতী এবং চন্দ্রমুখী। এবার এযুগের চন্দমুখী রূপে দর্শকের সামনে আসবেন মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।
নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় ‘দেবদাস’ নাটকে চন্দমুখী চরিত্রে অভিনয় করবেন তিনি। সঙ্গে দেবদাসের ভূমিকায় থাকবেন আরফান নিশো এবং পার্বতী হবেন মিথিলা।
নাটক প্রসঙ্গে পিয়া বলেন, ‘নাটকটির গল্প সকলেরই জানা। তবে ভিন্ন সময় এবং প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। এ সময়ের প্রেম, টানাপোড়েন এবং অস্থিরতাকে তুলে ধরা হবে।’
ঈদ উপলক্ষ্যে ‘সুপার মডেল’ নামে আরেকটি নাটকে অভিনয় করেছেন পিয়া। শুভ্র খানের পরিচালনায় নাটকে তুলে ধরা হয়েছে একজন মডেলের উত্থান, সংগ্রাম এবং স্বপ্নকে। এছাড়া ঈদের বিশেষ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেও দেখা যাবে পিয়াকে।

