বিনোদন ডেস্ক : সিল্ক স্মিতার জীবনী ভিত্তিক ‘ডার্টি পিকচার’ ছবিতে অনবদ্য অভিনয়ের পরে প্রসংশা এবং পুরষ্কারে ক্যারিয়ারের ঝুলি ভরে ওঠে বিদ্যার। আর তারপর থেকেই অনেক কিংবদন্তীর চরিত্র রূপায়নের প্রস্তাব এসেছে তার। কিন্তু চুড়ান্ত হয়নি এখনও। সম্প্রতি শোনা যাচ্ছে, অনস্ক্রিনে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চান বিদ্যা বালান।
কিছুদিন আগে কান কথায় শোনা যায়, প্রয়াত পাকিস্তানি প্রধানমন্ত্রী বেনাজির ভুট্টোর আত্মজীবনীতে অভিনয় করবেন বিদ্যা। কিন্তু এই কথা উড়িয়ে দেন তিনি। সংবাদমাধ্যমে বলেন, এমন কোন ছবির প্রস্তাব তার কাছে আসেনি। এমনকি এমন কোন ছবি তৈরি হচ্ছে কি না, তাও জানেন না বিদ্যা।
কিন্তু সুচিত্রা সেন? এই কিংবদন্তীকে নিয়ে নির্মিতব্য ছবিতেও কি দেখা দেবেন না বিদ্যা? পরিষ্কার উত্তর- না। ‘প্রথমত ছবিটি বাংলা, আর দ্বিতীয়ত আমি একেবারেই সুচিত্রা সেনের মতো দেখতে নই। এ ছবির জন্য রিয়া কিংবা রাইমা উপযুক্ত, আমি না। সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করতে পারলে ভালো লাগতো, কিন্তু রাইমার মত ভালো করতে পারবো না আমি’- ছবির প্রস্তাব প্রত্যাখান প্রসঙ্গে বললেন বিদ্যা বালান।
এখনও ইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক ছবিতে তাকে কেউ প্রস্তাব দেয়নি। আগ বাড়িয়ে নিজের পছন্দের কথা প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘খুব কম মহিলাই ইন্দিরা গান্ধীর মতো দক্ষ‚ বুদ্ধিমতী এবং একই সঙ্গে রহস্যময়ী হতে পারেন। তাই এইরকম একটি চরিত্র রূপায়নে আগ্রহী আমি। বলা চলে, এটা আমার স্বপ্ন।’

