তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড বিডিটিকেটস ডটকম নামে প্রিমিয়াম ই-টিকেটিং সেবা চালু করেছে। এর মাধ্যমে কোন রকম ভোগান্তি ছাড়াই গ্রাহকরা সারাদেশে বাসের টিকেট সংগ্রহ করতে পারবেন। বিডিটিকেটস ডটকম সেবাটিতে বর্তমানে শুধুমাত্র বাসের টিকেট মিললেও অচিরেই অন্যান্য যানবাহনের টিকেটও পাওয়া যাবে।
অনলাইন টিকেট সেবা বিডিটিকেটস ডটকম এর মাধ্যমে গ্রাহকরা দেশের ছয়শ‘টিরও বেশি সংখ্যক রুটে চলাচলকারী শীর্ষস্থানীয় ২০টিরও বেশি বাস সার্ভিসের টিকেট ক্রয় করা যাবে।
এই সেবার আওতায় গ্রাহকরা যে কোনো স্থান থেকে, যেকোনো সময়ে শুধুমাত্র বিডিটিকেটস ডট কম ভিজিটের মাধ্যমেই টিকেট ক্রয় করতে পারবেন। বেছে নিতে পারবেন আসনও। অনলাইন এই প্লাটফর্মটি অত্যাধুনিক সিকিউরিটি পেমেন্ট চ্যানেল ব্যবহার করে পরিচলিত হবে।
বিডিটিকেটস ডটকমে গ্রাহক রুট বাছাই করার পরই সেই রুটে চলাচলকারী সবগুলো বাসের তালিকা চলে আসবে। তারপর গ্রাহক তার ভ্রমণের তারিখ, যাত্রাস্থল ও গন্তব্যস্থল এবং ভ্রমণের জন্য বাস সার্ভিস বাছাই করার পর টিকেটের ভাড়া তার ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই যে কেউ যেকোনো স্থান থেকে সুবিধাজনক উপায়ে বাসের টিকেট ক্রয়ের সুযোগ পাবেন। টিকেট ক্রয় নিশ্চিত হয়ে গেলে গ্রাহকের মোবাইলে একটি নিশ্চিতকরণ এসএমএসে যাবতীয় তথ্যসহ টিকেটের রেফারেন্স নাম্বার পৌঁছে যাবে এবং গ্রাহক সেই এসএমএসটি দেখিয়েই তার যাত্রা শুরু করতে পারবেন।
যদি কোন ক্ষেত্রে কোন গ্রাহক ক্রয় করা টিকেটটি বাতিল করতে চান সেক্ষেত্রে তাকে পোর্টালে থাকা ‘ক্যান্সেলেশন‘ বাটনে ক্লিক করতে হবে। সহজ একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় টিকেট কেনার সময় প্রাপ্ত টিকেটের নাম্বার এবং পিন নাম্বার দিয়ে টিকেট বাতিল করা যাবে।
ই-টিকেটিং নিয়ে রবি‘র এমডি ও সিইও সুপুন বীরাসিংহে বলেন, ‘ঈদের আগে বাসের টিকেট ত্রয় করতে যে ঝামেলা দেখা দেয় তা দূর করতে ই-টিকেটিং সেবা সহায়ক ভূমিকা পালন করবে। আসছে ঈদে ঝামেলামুক্ত ই-টিকেটিং সেবা গ্রাহকদের জন্য রবি’র উপহার।’

