বিনোদন ডেস্ক : ‘জিরো ডিগ্রী’ ছবিটি মুক্তির পরে নিজের প্রযোজনা সংস্থা নকশী কাঁথা প্রযোজিত টেলিফিল্মে অভিনয় করেছেন ঠিকই, তবে এখন পর্যন্ত কোন নাটক কিংবা টেলিফিল্ম পরিচালনা করেননি তিনি। তবে ঈদ উপলক্ষ্যে দুটি টেলিফিল্ম পরিচালনা করবেন অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ। ‘দেবদূত’ এবং ‘রুম নাম্বার ১৩’ টেলিফিল্ম দুটির শুটিং শুরু করবেন এ মাসের ২০ তারিখ থেকে।
নকশী কাঁথা প্রযোজিত এ টেলিফিল্ম দুটির শুটিং হবে কিশোরগঞ্জে। প্রসুন রহমানের লেখা ‘দেবদূত’ টেলিফিল্মে অভিনয় করবেন আহমেদ রুবেল, সাঈদ বাবু, রুনা খান, মাজনুন মিজান, ওয়ালীউল রুমী এবং চ্যানেল আইয়ের রিয়েলিটি শো লাক্স সুপারস্টার ও ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের বেশ কিছু নতুন মুখ। ২০ জুন থেকে এ টেলিফিল্মের শুটিং শুরু করবেন মাহফুজ। ঈদের বিশেষ আয়োজনে চ্যানেল আইতে প্রচার হবে টেলিফিল্ম ‘দেবদূত’। ‘রুম নাম্বার ১৩’ লিখেছেন কাওসার খান। এখানেও লাক্স সুপারস্টার নীলা, নাদিয়া, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের আজাদ সহ বেশ কয়েকজন নতুন মুখ অভিনয় করবেন। সঙ্গে থাকবেন সাঈদ বাবু ও রিচি সোলায়মান। কিশোরগঞ্জের বাজিতপুর মেডিকেল কলেজে ২৬ জুন থেকে শুটিং হবে টেলিফিল্মের।
ঈদ উপলক্ষ্যে বাংলাভিশনে প্রচার হবে ‘রুম নাম্বার ১৩’। এছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত ‘দূর নক্ষত্রের কাছে’, এটিএন বাংলার জন্য নির্মিত ‘ছায়াসঙ্গী’ ও এনটিভির জন্য নির্মিত ‘অনুমতি প্রার্থনা’ টেলিফিল্মে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।

