স্পোর্টস ডেস্ক : ‘প্যারাগুয়ের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ড্র করায় আমার খুব রাগ হচ্ছে। এখন এমন সমীকরণে দাঁড়িয়ে আছি যে, উরুগুয়ের বিপক্ষে আমাদের জিততেই হবে’- কোপা আমেরিকার নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ার পর মেসি রাগ ও হতাশা ব্যক্ত করে এই কথা বলেন।
তাই বলে মেসি এতো রেগে গিয়েছেন ও চটেছেন যে, সেদিন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারই গ্রহণ করেননি!
কোপা আমেরিকার প্রথম ম্যাচে শনিবার সার্জিও আগুয়েরোর গোলে অ্যাসিস্ট করেন লিওনেল মেসি। এরপর পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে ব্যবধান দ্বিগুন করেন এই আর্জেন্টাইন অধিনায়ক। তবে দ্বিতীয়ার্ধে মেসি নিজে এবং সতীর্থরা বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করলে প্যারাগুয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরায়।
কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ শেষে মাস্টারকার্ডের পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড়ের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে মেসিকে ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করা হয়।
সেদিন মাস্টারকার্ডের এক প্রতিনিধি অধিনায়ক মেসিকে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার দিতে আর্জেন্টিনার ড্রেসিং রুমে যান। তবে সেই প্রতিনিধিকে জানিয়ে দেয়া হয়, মেসি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন না।
মেসি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রত্যাখান করায় প্রথমার্ধে অসাধারণ খেলায় সার্জিও আগুয়েরোকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন করা হয়। তবে আর্জেন্টিনার ড্রেসিং রুমের পরিবেশ এতই হতাশাচ্ছন্ন ছিল যে, দলের কোনো খেলোয়াড়ই ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে আগ্রহী নয় বলে মাস্টারকার্ডের প্রতিনিধিকে জানিয়ে দেয়া হয়।
আর্জেন্টিনার পক্ষ থেকে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে অস্বীকৃতি জানানোয় ম্যাচে প্যারাগুয়ের হয়ে প্রথম গোল করা নেলসন ভালদেজকে অপ্রত্যাশিতভাবে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

