স্পোর্টস ডেস্ক : খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ জাতীয় দল থেকে অবসর নেয়ার পর থেকে উইকেটরক্ষ হিসেবে দায়িত্বটা বেশ ভালোভাবে পালন করে যাচ্ছেন মুশফিকু রহিম। যদিও মাঝে ধীমান ঘোষ আসলেও খুব বেশিদিন জাতীয় দলে স্থায়ী হতে পারেননি। মুশফিকের ডান হাতের আ্ঙ্গুলে ব্যথা থাকায় ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছে লিটন কামার দাসের।
অভিষেক ম্যাচে ভালো ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও আলো ছড়িয়েছেন লিটন। তাই তাকে টেস্ট অধিনায়ক মুশফিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন অনেকে। তবে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ডানহাতি এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশক ধরে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ইতোমধ্যে। একই সঙ্গে বাংলাদেশের নিয়মিত উইকেটকিপারও তিনি। তবে মুশফিকের ইনজুরির কারণেই ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে অভিষেক হয় লিটনের।
আর তাই দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকের সঙ্গে লড়াইয়ের ব্যাপারে সরাসরি উড়িয়ে দিয়েছেন লিটন কুমার, ‘এটা ভুল কথা। আমি মনে করি না এখানে লড়াইয়ের কিছু আছে। উনি অনেক বড় মাপের খেলোয়াড়। উনার সঙ্গে আমার কোনো লড়াই নেই।’
ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে উইকেটরক্ষক হিসেবেও মোটামুটি ভালো করেছেন লিটন কুমার। তাই বাংলাদেশের টেস্ট অধিনায়কের সঙ্গে তরুণ এই ডানহাতি উইকেটরক্ষককে অনেকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন।
এ বিষয়ে লিটন বলেন, ‘উনি (মুশফিক) উনার জায়গায় সেরা। আমি চেষ্টা করছি। হয়তো আমি সুযোগ পেয়েছি, চেষ্টা করছি কিছু করার জন্য। তাছাড়া কিপিং মাঠের অন্য জায়গায় ফিল্ডিং করার মতোই। তাই আমি মনে করি
ফিল্ডিংও একটা কাজ। কিপিং যারা করে তারাও ফিল্ডার, আমি কিপিং করাটাকে এভাবেই দেখি।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরে ভালো পারফর্ম করে আসছেন লিটন। তাই ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে পার্থক্যটা এবার বেশ ভালোভাবেই উপলব্ধি করেছেন ডানহাতি এ তরুণ ব্যাটসম্যান।
এ বিষয়ে লিটন বলেন, ‘পার্থক্য তো কিছু আছেই। সবচেয়ে বড় ব্যাপার হলো, মনের ওপর অনেক চাপ পড়ে। ঘরোয়া ক্রিকেটে এতো বড় প্রভাব পড়ে না, যেটা আন্তর্জাতিক ক্রিকেটে পড়ে।’
প্রথম ম্যাচেই বেশ সাবলীল ভঙ্গীতে রবিচন্দ্রন অশ্বিনকে মোকাবেলা করেছেন লিটন। এমনকি বেশ কয়েকবার অশ্বিনের বলে বাউন্ডারিও হাঁকিয়েছেন। এ বিষয়ে লিটন বলেন, ‘অশ্বিনের বল বাই বল খেলেছি। আমার কাছে মনে হয়েছে মারার, তাই ওর বলেও তুলে মেরেছি।’

