স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচরা ইকার ক্যাসিয়াসের ওপর আস্থা রাখুন আর না রাখুন, স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক তার ওপর আস্থা রাখছেনই। ইউরো বাছাই পর্বের প্রত্যেকটি ম্যাচেই পোস্টের নীচে ক্যাসিয়াসের বিকল্প তিনি আর কারও কথা ভাবতে পারছেন না। ক্যাসিয়াসও প্রতিদান দিয়ে যাচ্ছেন। পোস্টকে রাখছেন সুরক্ষিত। বেলারুশের বিপক্ষেও যেমন রাখলেন। একবারও বল জড়াতে দিলেন না তিনি। উল্টো ডেভিড সিলভার একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছাড়লো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়েও অবশ্য ‘সি’ গ্র“পে শীর্ষে উঠতে পারলো না স্পেন। ৬ ম্যাচের ৫টিতে জয় নিয়ে তাদের অর্জণ ১৫ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্লোভাকিয়া। ৬ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়ায় তাদের অর্জন ১৮ পয়েন্ট। রোববার রাতে মেসিডোনিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্লোভাকরা।
ফিফা র্যাংকিংয়ে ১০ নম্বরে রয়েছে স্পেন। তাদের চেয়ে ৭০ ধাপ পিছিয়ে রয়েছে বেলারুশ। তবুও প্রথমার্ধে তো বেলারুশকেই সবচেয়ে বেশি আক্রমণাত্মক মনে হয়েছে। যদিও আলভারো মোরাতার একটি শট নিশ্চিত গোল থেকে বেঁচে যায়। এছাড়া বেলারুশের গোলরক্ষক আন্দ্রে গরবানভ পেদ্রোর একটি দারুন শট ঠেকিয়ে দেন।
তবে প্রথার্ধের একেবারে শেষ মিনিটে আর ডেভিড সিলভাকে আটকাতে পারেননি গরবানভ। সেস ফ্যাব্রেগাস বল নিয়ে এগিয়ে আসেন। গরবানভ ঝাঁপিয়ে পড়ে গোলরক্ষার চেষ্টা করলে সিলভাকে পাস দেন তিনি। বেলারুশের জালে সেই বল জড়াতে আর বেগ পেতে হয়নি ম্যানসিটির মিডফিল্ডারকে।
দ্বিতীয়ার্ধও ছিল হতাশায় পূর্ণ। বেলারুশ চেষ্টা করেছে গোল শোধ করার। স্পেন চেষ্টা করেছে ব্যবধান বাড়ানোর। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে লা রোজারা।

