বিনোদন ডেস্ক : ‘বিতর্কিত’ পাকিস্তানি অভিনেত্রী মীরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেদেশের একটি আদালত। শুক্রবার লাহোর ক্যান্টনমেন্টের দায়রা বিচারক এই অভিনেত্রীকে গ্রেপ্তার করে আগামী ১৭ জুলাই পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। মীরার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন মীরার স্বঘোষিত স্বামী আতিকুর রহমান। তার দাবি, মীরা তাকে বিয়ে করবেন বলে আইনি প্রতিশ্রুতি দিয়েও ২০১৩ সালে বিয়ে করেন ক্যাপ্টেন নাভিদ পারভেজকে। এরপর নাভিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রেখে আবারো অন্য একজনকে বিয়ের আইনি প্রতিশ্রুতি দেন।
লাহোর ক্যান্টনমেন্টের দায়রা বিচারক মীরাকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আগেও বেশ কয়েকবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মীরা তাতে কর্ণপাত করেননি ।
এদিকে অভিনেত্রী মীরা কোনও আইনি নোটিশ পাননি বলে জানিয়েছেন। এ বিষয়ে মীরা উল্টো প্রশ্ন করেন, ‘আমি বা আমার আইনজীবী, কেউই নোটিশের ব্যাপারে কিছু জানি না। এমন কি অভিযোগকারী আতিকুরকেও চিনি না। লোকটি প্রতারক। আমায় গত ৫ বছর ধরে ব্ল্যাকমেইল করে চলেছে। হয়ত প্রচার পাওয়ার জন্য আবার আমার নামে নতুন অভিযোগ দায়ের করেছে।’
উল্লেখ্য, পাকিস্তানি অভিনেত্রী মীরা ‘নজর’, ‘কাসক’-এর মতো কয়েকটি বলিউডের ছবিতে অভিনয় করেছেন।

