স্পোর্টস ডেস্ক : একদিকে মেসি, অপরদিকে প্রতিদ্বন্দ্বী রোনালদো। দু’জনই গোল করলেন পেনাল্টি থেকে। তবে মেসিকে ওখানেই থামিয়ে দিল প্যারাগুয়ে। কিন্তু রোনালদোকে আটকাতে পারলো না আরমেনিয়া। কোপা আমেরিকায় মেসির আর্জেন্টিনা হোঁচট খেলেও, দুর্দান্ত হ্যাটট্রিক করে ইউরো বাছাই পর্বে পর্তুগালকে ৩-২ গোলের অসাধারণ এক জয় উপহার দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
অথচ রোনালদোর পর্তুগাল খেলা শেষ হওয়ার আধাঘন্টা আগেই পরিণত হয় ১০ জনের দলে। মিডফিল্ডার তিয়াগোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করেন রেফারি। তার আগেই অবশ্য হ্যাটট্রিক পূরণ করে পর্তুগিজদের জয়ের কাজ সেরে রেখেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
টানা তিনটি হ্যাটট্রিক কেউ একনও করতে পেরেছে কি না সন্দেহ। লা লিগার শেষ দুই ম্যাচে এস্পানিওল এবং গেটাফের বিপক্ষে টানা দুটি হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এর পর চুটিয়ে ছুটি কাটিয়েছেন তিনি। বন্ধুদের নিয়ে আড্ডা মেরেছেন। এরপর যখনই বুটজোড়া পায়ে গলালেন, সাথে সাথেই ধরা দিল হ্যাটট্রিক। এবার করলেন জাতীয় দলের জার্সি গায়ে।
শনিবার রাতে আর্মেনিয়ার মাঠেই খেলতে গিয়েছিল পর্তুগাল। প্রথম লেগেও ঘরের মাঠে আর্মেনিয়ার বিরুদ্ধে রোনালদোর গোলেই জিতেছিল পর্তুগাল৷শনিবারও সিআর সেভেন ম্যাজিকেই জয়ী হলো তারা৷
যদিও এদিন শুরুটা ভালো হয়নি পর্তুগালের৷ ম্যাচের ১৪ মিনিটের মাথায় গোল খেয়ে বসে পর্তুগিজরা। দারুণ ফ্রি-কিকে আর্মেনিয়াকে এগিয়ে দেন মিড-ফিল্ডার মার্কোস পিজেলি৷ কিন্তু রোনালদো যখন সেরা ফর্মে, তখন ভয় কীসের! ২৯ মিনিটে আর্মেনিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন পর্তুগীজ উইঙ্গার৷ তাকে ফেলে দিলে গোলরক্ষার চেষ্টা করে আরমেনিয়া ডিফেন্ডাররা। কিন্তু উল্টো পেনাল্টি পায় পর্তুগাল৷ সেখান থেকে ১-১ করে ফেলেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে পর্তুগালের আক্রমণের সামনে পুরোপুরি ভেঙে যায় আরমেনিয়ার রক্ষণ। তিন মিনিটের ব্যবধানে নিজের আরও দুটি গোল করে হ্যাটট্রিকের পাশাপাশি স্কোরলাইন ৩-১ করে জয়ও নিশ্চিত করে ফেলে রোনালদো অ্যান্ড কোং৷
৫৫তম মিনিটের মাথায় ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দলের ব্যবধান বাড়ান সিআর সেভেন। মাত্র তিন মিনিট পর অর্থাৎ ৫৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে হ্যাটট্রিক করে জাতীয় দলকে জয় এনে দেন পর্তুগীজ সেনসেশন। ৭৩ মিনিটে এমকয়ান আরও একটি গোল করে অবশ্য ব্যবধান কমান।
দেশের জার্সিতে এদিন ৫৫ নম্বর গোলটিও করে ফেলেন রোনালদো৷ এ জয়ের ফলে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্র“প শীর্ষে পর্তুগাল৷

