স্পোর্টস ডেস্ক : কিংস্টনের স্যাবাইনা পার্কেও নিশ্চিত জয়ের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ডমিনিকায় প্রথম টেস্টে ৯ উইকেরট বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও কত ব্যবধানে জয় পাচ্ছে তারা, সেটাই এখন হিসাব-নিকাশ করছে স্বাগতিকরা। কারণ অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৩৯১ রানের জবাবে মাত্র ১৬ রান করতেই দুই উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য এখনও প্রয়োজন ১৭৬ রান। হাতে আছে ৮ উইকেট এবং দুই দিন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৯৯ রানের জবাবে মাত্র ২২০ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। যদিও এই ২২০ রান করতে পারার জন্য বোলার জ্যাসন হোল্ডারের প্রশংসাগাথা লিখে ফেলা উচিৎ ক্যারিবিয়ানদের। পুরোদস্তুর বোলার হওয়া সত্ত্বেও খাঁটি ব্যাটসম্যানদের যেভাবে একের পর এক লজ্জ্বা দিচ্ছেন তিনি, তাতে অবাকই হওয়ার কথা।
দ্বিতীয় দিন শেষে মাত্র ১৪৩ রানেই ৮ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর তৃতীয় দিন জ্যাসন হোল্ডার এক লড়াই করে স্বাগতিকদের ২২০ রানে নিয়ে যান। এদিন আগের দিনের স্কোরের সঙ্গে ৭৩ রান যোগ করেন ক্যারিবিয়ান টেলএন্ডাররা। ৮২ রানের অপরাজিত থাকেন জ্যাসন হোল্ডার। প্রথম ইনিংসে ১৭৯ রানের লিড পায় অস্ট্রেলিয়া।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে মাত্র ২১২ রান তুলেই ইনিংস ঘোষণা করেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। শন মার্শ ৬৯, ডেভিড ওয়ার্নার করেন ৬২ রান। স্টিভেন স্মিথ অপরাজিত ছিলেন ৪৫ রানে। সঙ্গে ক্লার্ক ছিলেন ১৪ রানে অপরাজিত।
এর আগে দ্বিতীয় দিন স্টিভেন স্মিথের ১৯৯ রানের দৌলতে বড় রান তুলেছিল অস্ট্রেলিয়া। স্মিথ ছাড়া বাকিরা কেউ রান পাননি। জেরোমে টেলরের বোলিংয়ের সামনে আত্মসমপর্ণ করেন বাকি অজি ব্যাটস্যানরা। ৪৭ রানে ছ’টি উইকেট তুলে নিয়েছিলেন ক্যারিবিয়ান পেসার। রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষমেশ জস হ্যাজলউড ও নাথান লায়নের বোলিংয়ের সামনে ২২০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। হ্যাজেলউড পাঁচটি ও লায়ন তিনটি উইকেট নেন।

