স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নিজেদের মাঠেই মার্কিনিদের কাছে এমন পরাজয়ে যারপরনাই বিস্মিত হয়েছিল ফুটবল বিশ্ব। কোচ জোয়াকিম লো তো যথেষ্ট বিরক্ত হয়েছিলেন দলের ফুটবলারদের ওপর। প্রকাশ্যে বলেছিলেন, ‘সম্ভবত ওদের গোলের ক্ষিদে কমে গেছে।’
কোচের এ কথাতেই হয়তো জ্বলে উঠলেন জার্মান ফুটবলাররা। ইউরো বাছাই পর্বে বিশ্বচ্যাম্পিয়নরা খেলতে গিয়েছিল ভু-মধ্য সাগরের একেবারে তীর ঘেঁষে দাঁড়ানো জিব্রাল্টারে। স্বাগতিকদের রীতিমত গোলবন্যায় ভাসিয়ে ৭-০ গোলে জয় তুলে আনল জোয়াকিম লো’র শিষ্যরা।
আন্দ্রে শুরলে করলেন হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন ম্যাক্স ক্রুস। এছাড়া বাকি দুই গোল এসেছে ইকাই গন্ডোগান এবং করিম বেলারাবির পা থেকে।
ইনজুরির কারণে এই ম্যাচেও ছিলেন না গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার এবং দলের অন্যতম সেরা ফুটবলার টমাস মুলার। কিন্তু এই দুই তারকার অনুপস্থিতি কোনভাবে টেরই পেতে দিলেন না ওজিল, খেদিরা কিংবা মারিও গোৎসেরা। যদিও খেলার প্রায় প্রথম আধঘণ্টা স্বাগতিকদের জাল খুঁজে পায়নি জার্মানি।
২৮ মিনিটে প্রথম গোল করেন সাবেক চেলসি স্ট্রাইকার আন্দ্রে শুরলে। প্রথমার্ধ শেষ হয় এই ১-০ গোলেই। ৪৭ দ্বিতীয় গোল করেন ম্যাক্স ক্রুস। ৫১ মিনিটে তৃতীয় গোল আসে গন্ডোগানের পা থেকে। এর ৬ মিনিট পর, খেলার ৫৭ মিনিটে চতুর্থ গোল করেন করিম বেলারেবি। ৬৫ মিনিটে দলের পঞ্চম এবং নিজের দ্বিতী গোল করেন আন্দ্রে শুরেল। এর ৬ মিনিট পর খেলার ৭১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন শুরলে। ৮১ মিনিটে জিব্রাল্টারের কফিনে শেষ পেরেন ঠোকেন ম্যাক্স ক্রস।
বড় জয় পেলেও জার্মানি কিন্তু ১৩ পয়েন্ট নিয়ে বাছাই পর্বে ‘ডি’ গ্র“পে রয়েছে দ্বিতীয় স্থানে। ১৪ পয়েন্ট নিয়ে এই গ্র“পের শীর্ষে পোল্যান্ড। স্কটল্যান্ডের অর্জন ১১ পয়েন্ট।

