স্পোর্টস ডেস্ক : লুইস সুয়ারেজ নেই। প্রতিপক্ষও অপেক্ষাকৃত দুর্বল। সুতরাং, দলের সেরা তারকা না থাকলেও কোপা আমেরিকায় নিজেদের সূচনাটা জয় দিয়েই হলো বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ের। জ্যামাইকাকে তারা হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।
কোপা আমেরিকায় দুই আমন্ত্রিত অতিথি দলের একটি জ্যামাইকা। টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল আখ্যা দিলেও কম বলা হবে না জ্যামাইকা সম্পর্কে। অপরদিকে কোপার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। সে হিসেবে আকাশ-পাতাল পার্থক্য দু’দলের মধ্যে। তবু জয়টা এলেও যেন মন ভরাতে পারেনি উরুগুয়ে সমর্থকদের।
অ্যান্টোপাগাস্তায় জ্যামাইকার বিপক্ষে উরুগুয়ের একমাত্র গোলদাতা ক্রিশ্চিয়ান রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে, খেলার ৫২ মিনিটের সময় খুব কাছ থেকে শট করে গোলটি করেন রদ্রিগেজ।
লুইস সুয়ারেজ না থাকার যে প্রভাব, সেটা ভালো করেই টের পেয়েছেন অস্কার তাবারেজ। একে তো দিয়েগো ফোরলান অবসরে, তার ওপর বিশ্বকাপে ইতালিয়ান জিওর্জিও কিয়েল্লিনির কাঁধে কামড় দেওয়ার কারণে নিষিদ্ধ সুয়ারেজ। খর্ব শক্তির উরুগুয়ের তাই বড় ভরসার নাম এডিনসন কাভানি। কিন্তু খুব একটা নজর কাড়তে পারেননি পিএসজির এই স্ট্রাইকার।
তবুও শেষ পর্যন্ত যে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তাবারেজের শিষ্যরা, সেটাই বা কম কিসে।

