আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের স্পিকার সালিম আল জাবুরি মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামার সঙ্গে দেখা করে নিজ দেশের জন্যে আরও ৯০ লাখ মার্কিন ডলার অনুদান নিশ্চিত করেছেন। হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। ওবামা ছাড়াও মার্কিন উপরাষ্ট্রপ্রধান জো বিডেন দেখা করেছেন সালিমের সঙ্গে।
এ সাক্ষাতের পূর্বে জো বিডেন ইরাকে সালিমের বাসভবনে তার সঙ্গে দেখা করে এ অনুদানের আশ্বাস দিয়েছিলেন। অবশেষে হোয়াইট হাউসে চূড়ান্ত এক বৈঠকের মাধ্যমে তার নিশ্চয়তাবিধান করা হলো। ওবামা ইরাকে ইসলামিক স্টেটের সঙ্গে ইরাকি ফৌজের যুদ্ধের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে জানা গেছে।
সর্বশেষ ৯০ লাখ মার্কিন ডলার গ্রহণ করা হলে, ২০১৪ সাল থেকে ইরাককে প্রদানকৃত মার্কিন মানবিক অনুদানের অংকটি দাঁড়াবে ৪১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। সম্প্রতি পেন্টাগন থেকে প্রকাশিত অপর এক প্রদিবেদন থেকে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র আইএসবিরোধী যুদ্ধের জন্যে দিনপ্রতি প্রায় ৯০ লাখ ডলার ব্যয় করছে এবং ইরাকে এ অর্থব্যয় আরও দীর্ঘসময় চালিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের রয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ইতোপূর্বে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি তাক্বাদ্দুম এয়ার বেইসে সালিম আল জাবুরির সঙ্গে আইএসবিরোধী অভিযান বিষয়ে বৈঠক করেছিলেন।

