আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানায় অ্যামোনিয়া ভর্তি একটি ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অ্যামোনিয়া গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি লুধিয়ানার দিক থেকে আসছিল। ট্যাঙ্কারটির রেজিস্ট্রেশন নম্বর গুজরাতের হওয়ায় ধারণা করা হচ্ছে এটি গুজরাতেই যাচ্ছিল। লুধিয়ানা থেকে ২৫ কিলোমিটার দূরে ডোরাহা বাইপাস রোডে একটি খালের উপরের ফ্লাইওভারে ট্যাঙ্কারটি আটকে যায়। মুহূর্তের মধ্যেই লিক করতে থাকে অ্যামোনিয়া। নিঃশ্বাসের সঙ্গে সেই গ্যাস শরীরে প্রবেশ করতে শুরু করায় অসুস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। অসুস্থ শতাধিক মানুষকে ডোরাহা, খন্না এবং লুধিয়ানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
ডোরাহার পুলিশ কর্তা রাজেশকুমার সুদ বলেছেন, ‘ছয়জনের মৃতদেহ লুধিয়ানার হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।’

