আন্তর্জাতিক ডেস্ক : গত বছর গাজার সমুদ্র সৈকতে চালানো বোমা হামলায় নিহত চার ফিলিস্তিনি শিশুর মৃত্যু দুর্ঘটনা ছিলো বলে জানিয়েছে ইসরাইল। একই সঙ্গে এ ঘটনায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়াও হবে না বলে জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত বছর গাজার শহরের সমুদ্র সৈকতে ইসরাইলের বোমা হামলায় দুই চাচাতো ভাই আহেদ আতিফ বাকর (১০), ও জাকারিয়া আহেদ বাকর (১০, মোহাম্মদ রামিজ বাকর (৯) এবং ইসমাইল মোহাম্মদ বাকর (১১) নিহত হয়। হামলার সময় কয়েকজন সাংবাদিক সৈকতের পাশের একটি হোটেলে অবস্থান করছিলেন। পরে ইসরাইল এ ঘটনার তদন্তের ঘোষণা দেয়।
বৃহস্পতিবার বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, ‘ অপরাধ তদন্ত শেষ হওয়ার পর কেসটি বন্ধ করে দেয়া হয়েছে।’
এই ঘটনা ছাড়াও আরও দুটি ঘটনার তদন্ত বন্ধ ঘোষণা করেছে ইসরাইলি কর্তৃপক্ষ । এর একটি হচ্ছে গত বছর ৫০দিন ব্যাপী গাজা যুদ্ধে একটি ক্যাফেতে বোমা হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়। অপরটি হচ্ছে একটি হাসপাতাল লক্ষ্য করে বেআইনিভাবে গুলিবর্ষণ ও বন্দী নির্যাতনের ঘটনা।

