আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র আইএসবিরোধী যুদ্ধে প্রতিদিন প্রায় ৯০ লাখ ডলার খরচ করে। পেন্টাগন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আরও জানা যায়, ইসলামিক স্টেটের ঘাঁটিতে বোমা নিক্ষেপের জন্যে অভিযানের শুরু থেকে এ যাবত খরচ হয়েছে প্রায় ২৭০ কোটি মার্কিন ডলার।
এ হিসাব নিকাশ করা হয়েছে গেল বছরের অগাস্ট মাস থেকে ইরাক ও সিরিয়ায় আইএস ঘাঁটিতে যে হামলা চালানো হয়েছে তার ভিত্তিতে। মোট খরচের দুই তৃতীয়াংশ হয়েছে বিমানহামলা পরিচালনায়। বাকি একাংশ পদাতিক বাহিনীর হামলায়। কংগ্রেসের একাংশের কাছ থেকে বিপুল এ খরচ বন্ধের কথা উঠলে বাকি সিংহভাগ অংশ তাতে অসম্মতি জানায় এবং অর্থব্যয় অবিরত রাখার পক্ষে মত দেয়।
সেইসঙ্গে কংগ্রেসের সংশ্লিষ্ট প্রতিনিধিবর্গ ‘ইউএস হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’ ৫৭,০০০ কোটি ডলার সামরিক ব্যয়ের একটি প্রস্তাব অনুমোদন করে। একইসঙ্গে ইরাক-অভিযান সূচারুভাবে পরিচালনার স্বার্থে আরও ৪৫০ উপদেষ্টা নিয়োগ এবং সেনাসংখ্যা ৩৫০০তে উন্নীত করার পরিকল্পনা অনুমোদিত হয়েছে।
তবে স্থানীয় ইরাকিদের প্রশিক্ষণার্থে আর সামরিক বাহিনী ব্যবহৃত হবে না বলে ঘোষণা এসেছে। সিরীয়দের প্রশিক্ষণ সম্পর্কে কিছু বলা হয়নি। ইরাক ও সিরিয়ায়, বিশেষত ইরাকে মার্কিন অভিযান দীর্ঘায়িত করার কথা বলা হয়েছে।

