নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ছয় দিনের সফরে আজ শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন।
বাসস জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে সকাল ১০টায় প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন রওনা হন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ এএসএম ফিরোজ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন ও ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এ সময় উপস্থিত ছিলেন।
আজ লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করার কথা রয়েছে। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান ও বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
আগামী ১৪ জুন যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি অধিবাসীরা ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি সম্পাদনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে সংবর্ধনা দেবেন। আগামী ১৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বঙ্গবন্ধুর দৌহিত্রী ও প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম লন্ডন সফর।
টিউলিপের বড় ভাই রেদওয়ান মুজিব সিদ্দিক ও তার পরিবারের সদস্যরাও এ সফরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।
ওই নির্বাচনে টিউলিপ ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এবং রূপা হক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।

