নিজস্ব প্রতিবেদক : আগের অর্থবছরের চেয়ে ১ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ কমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুদকের জন্য ৬৩ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে। এর আগের অর্থবছরে অর্থাৎ ২০১৪-২০১৫ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দের পরিমাণ ছিল ৫৯ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে করা হয়েছিল ৬৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকা।
আগের সংশোধিত বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দের পরিমাণ ১ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা কমানো হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেটে দুদকের জন্য বরাদ্দের ৬৩ কোটি ৫৯ লাখ টাকার মধ্যে অনুন্নয়ন ব্যয়ে ৫৬ কোটি ৫২ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয়ে ৭ কোটি ৭ হাজার টাকা ধরা হয়েছে।
প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮-২০০৯ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ ছিল ৩০ কোটি টাকা। এরপরে তা কমিয়ে ২০০৯-২০১০ অর্থবছরে বরাদ্দ ছিল ২৪ কোটি টাকা, ২০১০-২০১১তে ২৫ কোটি ৮৪ লাখ। আবার ২০১১-২০১২ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ হয় ৩২ কোটি টাকা এবং ২০১৩-২০১৪ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল ৩৮ কোটি টাকা।

