আন্তর্জাতিক ডেস্ক : চীনে জাহাজডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৫তে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩৭০ জনের বেশি যাত্রী। এদের জীবত থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
এদিকে নিখোঁজদের ওপর তথ্য জানানোর দাবিতে বুধবার হুবেই প্রদেশের জিয়ানলি নদী তীরবর্তী পুলিশি বেষ্টনী ভেঙে বিক্ষোভ করেছে নিখোঁজদের স্বজনরা।
বৃহস্পতিবার চীনের সিসিটিভি’র বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সারা রাত ধরে অভিযান চালিয়ে আরো ৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬৫তে গিয়ে ঠেকল। এর আগে জীবিত উদ্ধার করা হয়েছিল মাত্র ১৪ জনকে। এদের মধ্যে জাহাজের ক্যাপ্টেন এবং তার ২ ক্রু রয়েছেন। তাদেরকে মঙ্গলবার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
সোমবারের জাহাজ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৩৭০ জনের বেশি যাত্রী। তাদেরকে উদ্ধারের জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। তবে ডুবে যাওয়া জাহাজটির আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভবনা নেই বলেই মনে করা হচ্ছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উদ্ধারকারীরা ইস্টার্ন স্টার জাহাজটিতে প্রবেশের জন্য এর গায়ে গর্ত করার পরিকল্পনা নিয়েছে।
সোমবার রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৪৫৬ আরোহী নিয়ে ইয়াংজি নদীতে ডুবে যায় পর্যটন জাহাজ ‘ইস্টার্ন স্টার’। এর অধিকাংশই যাত্রীই ছিলেন বয়স্ক। দেশটিতে গত ৭০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা।

