আন্তর্জাতিক ডেস্ক : একটি মামলায় মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পুনর্বিচারের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে করা ওই মামলা বৃহস্পতিবার পুনর্বিচারের নির্দেশ দিয়েছে দেশটির আপিল বিভাগ।
২০১১ সালে তাহরির স্কয়ারে মোবারকবিরোধী বিক্ষোভে ৮০০-এরও বেশি লোককে হত্যা করা হয়। এ অভিযোগে দায়ের করা মামলায় ২০১২ সালে মোবারককে আজীবন কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। পরবর্তীতে মামলাটি পুনর্বিচারের জন্য উঠানো হলে ২০১৪ সালের নভেম্বরে মুবারককে খালাস দেওয়া হয়।
এ রায়ের পর দেশটির সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে পুনর্বিচার দাবি করে আবেদন করেন সরকারি আইনজীবী। আবেদন আমলে নিয়ে আদালত মামলাটি পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন। আগামী ৫ নভেম্বর থেকে বিচারের শুনানি শুরু হবে।
৩০ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন মুবারক।

