বিনোদন ডেস্ক : মঙ্গলবার দুপুরে হাজির হয়েছিলাম বাংলা ছবির আতুঁড় ঘর খ্যাত এফডিসিতে। গরমে সবার প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক সেই মুহূর্তে তিন নম্বর ফ্লোরের ভেতর থেকে গানের সুর ভেসে আসলো কানে। ‘এ সম্রাট এ সম্রাট, এ সম্রাট বলে যা, নইলে তোর বাজাবে বারোটা’ তাই দু’কদম এগিয়ে ফ্লোরের ভেতর যখনই ঢুঁ মারতে গেলাম, অমনি একজন পথ আগলে দাঁড়ালো। তবে পরিচয় দিয়ে ভিতরে প্রবেশ মাত্রই চোখ ছানাবড়া অবস্থা। চারদিকে রঙবেরঙের আলোর ঝঁলকানি। তার সঙ্গে তাল মিলিয়ে নেচে চলেছে এক ঝাঁক তরুণী।
ফ্লোরের একপাশে সারি সারি বিদেশি মদের বোতল। বার টেন্ডার গ্লাসে কালো রঙের মদ ঢেলে দিচ্ছেন। আর সবাই তা পান করে, তৃপ্তির ঢেকুর তুলছে। হঠাৎ চোখ গেলো নৃত্যরত তরুণীদের দলের দিকে। ভালো করে খেয়াল করতেই চিনতে পারলাম। তরুণীদের মধ্যমণি হয়ে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি কাউকে উদ্দেশ্য করে নাচ গান করছেন। কিন্তু সেই ব্যক্তিটি কে?
এমন সময় ফ্লোরের এক পাশ থেকে কেউ একজনন বলে উঠলেন ‘কাট’। অমনি সবাই যেন হাফ ছেড়ে বাঁচলো। আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম, তরুণ নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। তিনিই জানালেন, এখানে তার নতুন ছবি ‘সম্রাট’ এর শুটিং চলছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
তার মানে শাকিবের জন্যই অপুর এমন নাচা গানা! পরিচালক বললেন, ‘হ্যাঁ, অপরাধ জগতের গল্প নিয়ে গড়ে উঠা এই ছবিতে শাকিবের দৃষ্টি আকর্ষণের জন্যেই নাচছেন অপু।’
আবারো শুটিং শুরু করার নির্দেশ দিলেন পরিচালক। ততক্ষণে অনেকেই ঘেমে উঠেছেন। কারণ ফ্লোরের ভেতর প্রচণ্ড গরম। তারপরও দ্বিতীয় দৃশ্যের জন্যে আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন অপু। ‘এ সম্রাট এ সম্রাট, এ সম্রাট বলে যা, নইলে তোর বাজাবে বারোটা’ শিরেনামের গানটা লিখেছেন জনি হক। আর তাতে কণ্ঠ দিয়েছেন অপার বাংলার শত্রুজিত। সুর করেছেন ডাব্বু।

