তথ্যপ্রযুক্তি ডেস্ক : অফিস কিংবা ব্যক্তিগত কাজে তথ্যপ্রযুক্তির সহায়তা নিতে হবে মিনিটে মিনিটে। তথ্যপ্রযুক্তির যুগ বলেই হয়তো এমন। সকাল-সন্ধ্যা কতো কাজই না করেন, এর মধ্যে ল্যাপটপের ওপর দিয়ে ধকলটা তো কম যায় না। নিজের শরীরের যত্নআত্তিতে তো কম নজর দেন না, আর অভাগা ল্যাপটপটা। তারও তো একটু যত্ন নিতে হয়। খেয়াল করে দেখুন, প্রিয় ল্যাপটপটা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে কেমন হবে..? মন খারাপ করবেন না, একটু সচেতন হলে ভালো থাকবে আপনার ল্যাপটপ। গুরুত্বের কারণেই হোক অথবা প্রয়োজনে যত্নে রাখুন প্রিয় কাজের ল্যাপটপ। এবার জানিয়ে দেবো দরকারি কিছু টিপস।
ঠাণ্ডা রাখুন সবসময় : আপনার ল্যাপটপ যত গরম হবে ল্যাপটপের ততই সমস্যা বাড়বে। এজন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব ল্যাপটপ ঠাণ্ডা রাখতে। আপনার যদি অভ্যাস থাকে বিছানা, বালিশ কিংবা কুশন টেবিল হিসেবে ব্যবহার করে ল্যাপটপ চালান তাহলে নিজেই নিজের পায়ে কুড়াল মারছেন। কারণ এর ফলে ল্যাপটপটির বাতাস চলার পথ বন্ধ হয়ে এটি ক্রমশই গরম হয়ে উঠবে। ল্যাপটপের ভেতরটা গরম বা ঠাণ্ডা রাখার ব্যাপারে সরাসরি আপনার হাতে না থাকলেও বাইরে থেকে একে ঠাণ্ডা রাখার উদ্যোগ অবশ্যই আপনি নিতে পারেন। এজন্য ব্যবহার করতে পারেন কুলিংপ্যাড যা দুই বা ততোধিক ইউএসবি পাওয়ার ও ফ্যানের সাহায্যে ল্যাপটপ থেকে তাপ হটায়। বাজারে অ্যানটেক, ডাটা সেক্টর, টারগাস কোম্পানির কুলিং ফ্যান পাওয়া যায়। ল্যাপটপ শক্ত মসৃণ স্থানে ব্যবহার করুন।

