স্পোর্টস ডেস্ক : শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে বরখাস্তের সপ্তাহখানেকের মাথায় পুরোনো ক্লাব শেখ রাসেলে পাড়ি জমিয়েছেন কোচ মারুফুল হক।
মঙ্গলবার সন্ধ্যায় শেখ রাসেলের সঙ্গে পুনরায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নতুন দায়িত্বের ব্যাপারে জানতে চাইলে মারুফুল হক বলেছেন, ‘শেখ রাসেলে প্রধান কোচ হিসেবে আজই (সোমবার) যোগ দিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) থেকে দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নেমে পড়ব।’
শেখ রাসেলের সঙ্গে আগের কোচ মন্টেনিগ্রোর দ্রাগান দুকানোভিচের চুক্তির মেয়াদ চলতি মাসে শেষ হয়ে যাবে। তাই এ নিয়ে খুব বেশি জটিলতা নেই।
মোহামেডানের হয়ে সফলতা পাওয়ার পর ২০১২-১৩ ফুটবল মৌসুমে শেখ রাসেলের হয়ে ট্রেবল জিতেছিলেন মারুফুল হক। এই সাফল্যেই ঈর্ষান্বিত হয়ে শেখ রাসেলের ঘর ভেঙ্গে ২০১৩-১৪ মৌসুমে মারুফুলকে নিজেদের ডেরায় ভিড়িয়েছিল শেখ জামাল। হলুদ জার্সি ধারীদের খুব বেশি একটা সাফল্য না পেলেও গত মৌসুমে এই মারুফুলের হাত ধরেই লিগ শিরোপা এবং ভুটানে কিংস কাপ জয় করে শেখ জামাল।
চলতি ফুটবল মৌসুমেও মারুফুলের তত্বাবধানেই ফেডারেশন কাপ ঘরে তুলে শেখ জামাল। তারপরও সমালোচকদের কাটাছেড়ার নিচে ছিল মারুফুল হকের শিষ্যদের মাঠের পারফরমেন্স। যেই ধারাবাহিকতা বজায় থাকে চলমান প্রিমিয়ার লিগেও। ঢাকা আবাহনী লিমিটেডের কাছে হার এবং ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানের সঙ্গে ড্র করায় মারুফুল হককে বরখাস্তের সিদ্ধান্ত নেয় শেখ জামাল কর্তৃপক্ষ।
তবে প্রত্যয়ী মারুফ নতুন করে রাসেলের হয়ে আবারো চমক দেখাতে প্রস্তুত।

