বিনোদন ডেস্ক : গায়ের রং মিশকালো, তেলহীন উস্কো খুস্কো চুলের উপর নোংরা টুপি, সামনের দিকে দাঁত নেই- যেগুলো আছে তাও ময়লা, গায়ের চেক জামটির রং হয়তো কখনো সাদা ছিল। একদৃষ্টিতেই বোঝা যায় তার পরিচয়- ভিক্ষুক। তবে আবার তাকালে ভুল ভাঙে- এ তো অভিনেতা মীর সাব্বির!
চরিত্রের প্রয়োজনে কত রকম পোশাক কিংবা মেকআপ গ্রহন করেন অভিনেতারা। গল্পের প্রয়োজনেই তার এই দীন হীন অবস্থা। এবার ভিক্ষুকের বেশে দর্শকের সামনে আসবেন মীর সাব্বির।
ঈদ উপলক্ষ্যে নির্মিত ‘অকথনীয়’ নাটকে ভিক্ষুকবেশে দেখা দেবেন তিনি। ঢাকার উত্তরায় চলছে নাটকের শুটিং। তবে নাটকে তার চরিত্র কিন্তু ভিক্ষুকের নয়, তিনি একজন সাংবাদিক। সংবাদ সংগ্রহের কারণেই ধারণ করেন বিভিন্ন ছদ্মবেশ- যেমন ভিক্ষুক।
রেশমা তোহার পরিচালনায় ‘অকথনীয়’ নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন রিচি সোলায়মান, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাংবাদিক নাইমুল ইসলাম খান। নাটক ও চরিত্র প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘বিভিন্ন ধরনের চরিত্র করতে হয়। হুজুর, শহুরে আধুনিক ছেলে, গ্রামের মানুষ- এবার করছি সাংবাদিকের চরিত্র। ভিক্ষুকের বেশ ধরেই নানা গোপন তথ্য সংগ্রহ করি আমি। চরিত্রটি মজার, নাটকটের গল্পটিও মজার।’
বর্তমানে ঈদ উপলক্ষে নির্মিত খন্ড নাটক ও টেলিফিল্মে অভিনয় নিয়েই ব্যস্ত আছেন মীর সাব্বির। ‘গায়ক মোহাব্বত’, ‘শুদ্ধ মোখলেস’, ‘ডিজিটাল বাবা’, ‘চতুর জামাই’ প্রভৃতি নাটকের শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। এছাড়া নিজের পরিচালনায় চলছে ধারাবাহিক ‘নােয়াশাল’ নাটকের শুটিং।

