বিনোদন ডেস্ক : একজন কবি- প্রকৃতি ও সময়ে খুঁজে বেড়ান কবিতার প্রেরণা। অন্যজন শিল্পী- ক্যানভাসে ছড়ান স্বপ্নের রঙ। পার্থিব সবকিছু ভুলে দু’জনেই বাস করেন নিজস্ব জগতে। তবুও ঘটে যায় যোগাযোগ, জল রঙে মিশে যায় মনের রঙ।
অয়ন চৌধুরীর রচনায় পরিচালক শাখাওয়াৎ মানিক ঈদ উপলক্ষ্যে নির্মাণ করেছেন নাটক ‘জল রঙ মন’। নাটকে কবি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম এবং শিল্পীর ভূমিকায় দেখা যাবে এফ এস নাইমকে।
মম নিজের পোশাক ও মেকআপে পরিবর্তন এনেছেন কবি চরিত্রটি করতে গিয়ে। ঢোলা পাজামা, ফতুয়া কিংবা টপস, সঙ্গে মাথায় আছে ওড়না বাঁধা পাগড়ী। ওদিকে নাইম আত্মভোলা শিল্পীর ভূমিকায় সাবলীল অভিনয় করেছেন ক্যাজুয়াল পোশাকে।
উত্তরার বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন হয়েছে নাটকটির। ঈদ উপলক্ষ্যে নির্মিত নাটকটি কোন চ্যানেলে প্রচার হবে, তা এখনও চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।

