বিনোদন ডেস্ক : এপর্যন্ত অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে হাবিব-ন্যান্সি জুটি। এরমধ্যে চলচ্চিত্রের গান সংখ্যায় বেশি। সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন হাবিব-ন্যান্সি। সোহেল আরমান পরিচালিত ‘ভ্রমর’ নামের ছবিতে ব্যবহার করা হবে গানটি। সোহেল আরমানের কথায় গানটির সুর এবং সংগীতপরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। গত ২৯ মে হাবিবের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গানটি প্রসঙ্গে হাবিব বলেন, ‘সোহেল আরমানের পরিচালনায় ‘এই তো প্রেম’ ছবিতে আমার আর ন্যানসির গান শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। তার নতুন ছবি ‘ভ্রমরে’ এখন পর্যন্ত একটি গান করেছি। আশাকরি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
ন্যান্সি গানটি প্রসঙ্গে বলেন, ‘গানটির কথা, সুর এককথায় অসাধারণ। হাবিব ভাইয়ের সঙ্গে আমার গাওয়া চালচ্চিত্রের গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করে। আশাকরি এই গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবে।’
অন্যদিকে ছবির পরিচালক সোহেল আরমান বলেন, হাবিব-ন্যানসি চলচ্চিত্রের গানে অন্যতম সফল জুটি। তাদের কণ্ঠ এই গানে নতুন মাত্রা যোগ করেছে। শ্রোতারা গানটি থেকে নতুন কিছু পেতে যাচ্ছে।
উল্লেখ্য, আগামী অক্টোবর-নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ভ্রমর’ এর শুটিং।

