তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রথম পর্বের সফল সমাপ্তির পর দ্বিতীয়বারের মত শুরু হতে যাচ্ছে গ্রামীণফোন-প্রথম আলো আইজেন-২০১৫। ২৫ জুন থেকে জেলা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে শুরু হবে ইন্টারনেট সচেতনামূলক এই প্রতিযোগিতা। সোমবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্গে এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিযোগিতায় প্রথম পবে দেশের দুই হাজারটি স্কুলের ৮ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রথম পর্ব থেকে উত্তীর্ণ ১০ হাজার জন শিক্ষার্থী দ্বিতীয় পর্বে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এদের মধ্যে বিজয়ীরা আঞ্চলিক পর্বে উত্তীর্ণ হবে। বিভিন্ন অঞ্চল থেকে উত্তীর্ণ চূড়ান্ত ৪০ জনের একটি প্রতিযোগী দল রিয়েলিটি শোতে অংশ নেবে। সর্বশেষে তিনটি দলকে বিজয়ী করা হবে। বিজয়ীদের শিক্ষাবৃত্তিসহ বিদেশ ভ্রমণের ব্যবস্থা করা হবে।
গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্গে বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের তরুণদের আত্মনির্ভরশীল করার নিরন্তর প্রচেষ্টায় গ্রামীণফোনের এই উদ্যোগ। সবার কাছে ইন্টারনেট পৌঁছে দিয়ে আমরা বাংলাদেশে ডিজিটাল প্রজন্ম তৈরি করতে চাই। আই-জেন ডিজিটাল প্রজন্ম তৈরি করতে সাহায্য করবে।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘২০১১ সালে একটি পাইলট প্রকল্প হিসেবে আইজেনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই কার্যক্রমটি ব্যাপকতা পেয়েছে। ইন্টারনেটকে জনপ্রিয় করতে এই উদ্যোগটি নেয়া হয়েছিল। ভবিষ্যতের বাংলাদেশ তৈরিতে আইজেনের মত ইন্টারনেট সচেতনামূলক অনুষ্ঠানের ভূমিকা রয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন প্রজন্মের কাছে ইন্টারনেটের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১১ সালে প্রথম আই-জেন উদ্যোগটি চালু করা হয়। ১২ টি অনুষ্ঠানের মাধ্যমে ১৪০০ স্কুলের অংশগ্রহণে ২০১২ সাল পর্যন্ত এই উদ্যোগটি পরিচালিত হয়েছিল।
প্রতিযোগিতা শেষে সেরা দল এবং যোগ্য স্কুলকে পুরস্কৃত করা হয়। এসব পুরস্কারের মধ্যে ছিল শিক্ষা বৃত্তি, স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষা সফরের সুযোগ এবং বিজয়ী স্কুলে ইন্টারনেট ল্যাব স্থাপন।
আই-জেনের প্রধান সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। অন্যান্য সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডটকম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, উরি ব্যাংক রেডিও ফূর্তি এবং চ্যানেল আই।

