নাটোর প্রতিনিধি : দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এবং অন্যের জমিতে দিন মজুরের কাজ করেও কঠোর পরিশ্রমের মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে শোভন কুমার।
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের নগর মাঝগ্রামের দিন মজুর রতন কুমার ও মা রূপালি রাণীর দুই ছেলের মধ্যে বড় ছেলে শোভন। তারা সবাই মানুষের বাড়িতে কাজ করে জীবিকা অর্জন করেন।
শোভন রাজশাহী বোর্ডের অধীনে নাটোরের নলডাঙ্গা উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। শোভনের বাবা-মা শোভনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান। এ পর্যন্ত সমাজের বিভিন্ন জনের ও স্কুল শিক্ষকদের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে এসেছে শোভন। শোভন এবং তার বাবা-মা স্কুল শিক্ষকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।
তারা বলেন, শিক্ষকরা সব সবয় শোভনের খোঁজ-খবর রেখে তার ভালো ফলাফল করতে সহযোগিতা করেছেন। কিন্তু ভালো ফলাফল করেও তাদের দুশ্চিন্তা, পরবর্তীতে উচ্চশিক্ষায় তার লেখাপড়া খরচ কীভাবে চালিয়ে যাবেন। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন শোভনের পরিবার।

