সিলেট প্রতিনিধি : ইউসেপ-হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল ২০১৫ সালে অনুষ্ঠিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫৭ শিক্ষার্থীর মধ্যে ৫৭ জনই জিপিএ-৫ অর্জন করেছে। শিক্ষার্থীর মধ্যে ২৩ জন ছেলে ও ৩৪ জন মেয়ে।
এ বছরই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ অর্জন করে এক অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠানটি বিদেশি সাহায্য নির্ভর এবং শহরের সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশুদের ভাগ্যান্নয়নে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির এই সাফল্যে ইউসেপ-বাংলাদেশের সব কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বে থাকা শিক্ষককরা অত্যন্ত খুশী। তারা মনে করেন, উপযুক্ত সুযোগ-সুবিধা ও পরিচর্যা পেলে যে কোনো শিশুই হয়ে উঠতে পারে আগামী দিনের উপযুক্ত নাগরিক।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় সম্মিলিত মেধা তালিকায় প্রতিষ্ঠানটি পঞ্চম স্থান অধিকার করেছে। ইউসেপ-বাংলাদেশের অন্যান্য চারটি শিক্ষাপ্রতিষ্ঠানও যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে। যদিও অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল মূল্যায়ন করে ইউসেপ-হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল কর্তৃপক্ষ মনে করে তাদের প্রতিষ্ঠানই প্রথম কিংবা দ্বিতীয় হওয়ার কথা।

