বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আর জে রাজু। আর জে হিসেবে কাজ করার পাশাপাশি গান এবং অভিনয়েও সরব তিনি। সম্প্রতি আমিন আল মাসুমের পরিচালনায় ‘বন্ধন’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকের মাধ্যমে দীর্ঘ চার বছর পর আবারও নাটকে নাম লেখালেন এই আর জে। তিনি ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন আফরোজা বানু, সাজু খাদেম, ইশানা সহ আরও অনেকে।
নাটকটি ঈদে কোন একটি চ্যানেলে প্রচার করা হবে। নাটকটি প্রসঙ্গে আর জে রাজু বলেন, ‘একটি মধ্যবিত্ত পরিবারের বখে যাওয়া ছোট ছেলের ভূমিকায় দেখা যাবে আমাকে। চরিত্রটি অনেক মজার। একটি মধ্যবিত্ত পরিবার সমস্যার সম্মুখীন হলে কিভাবে তা মোকাবেলা করে এই বিষয়টিই নাটকে তুলে ধরা হয়েছে। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’
নাটকে অভিনয় ছাড়াও গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন আর জে রাজু। ‘অন্তপুর’ নামের একটি ব্যান্ডে আছেন তিনি। এই ব্যান্ডের একটি অ্যালবাম প্রস্তুত করেছেন তারা। পাশাপাশি নিজের একক অ্যালবামও গুছিয়ে নিয়েছেন।

