বিনোদন ডেস্ক : গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন একটি গান এবং একটি জিঙ্গেলে। ‘যেদিকে যতদূর তাকাই’ শিরোনামের গানটির সংগীতপরিচালনা করেছেন শ্রীলঙ্কান সংগীতপরিচালক রাজ থিলাইয়াম পালাম। গানটি লিখেছেন শফিক তুহিন। গানটি একই সুরে আরও কয়েকটি ভাষায় বিভিন্ন শিল্পীকে দিয়ে গাওয়ানো হবে।
এই গান ছাড়াও সম্প্রতি হাবিব ওয়াহিদের সংগীতপরিচালনায় প্রাণ আপের জন্য একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে হিন্দি ভাষায় কণ্ঠ দিয়েছেন ন্যানসি। এর আগে তিনি এই একই জিঙ্গেলে বাংলা ভাষায় কণ্ঠ দেন। তবে প্রাণ আপ এখন যেহেতু ভারতেও তাদের পণ্য পাঠাচ্ছে তাই সে দেশে তাদের পণ্যের প্রচারের জন্যই হিন্দি ভাষায় জিঙ্গেলটি আবার করা হয়েছে। খুব শিগগিরি বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে আরফিন শুভ এবং পরিমনীকে।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, হিন্দি ভাষায় এই প্রথম কণ্ঠ দিলাম। হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করার অনুভূতি সবসময়ই অন্যরকম। এটিও তার ব্যতিক্রম নয়। অন্যদিকে রাজের সংগীতপরিচালনায় যে গানটিতে কণ্ঠ দিয়েছি এই গানটি আরও কয়েকটি ভাষায় কয়েকজন শিল্পীকে দিয়ে গাওয়ানো হবে। তাই এই গানেও নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সবমিলিয়ে এই গান এবং জিঙ্গেলটিতে কণ্ঠ দিয়ে ভালো লাগছে।

