বিনোদন ডেস্ক : এক সপ্তাহের মধ্যেই ঘটে গেল এলিটার জীবনের বড় দুই প্রাপ্তি। প্রকাশিত হল তার প্রথম অ্যালবাম এবং সপ্তাহ না ঘুরতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে প্রবেশ করলেন নতুন জীবনে। শুক্রবার রাতে নির্মাতা আশফাক নিপুনের গলায় মালা পরালেন তিনি।
শুক্রবার রাতে রাজধানীর অট্রিয়াম রেস্টুরেন্টে বিয়ে উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মিডিয়ার অনেক তারকারা। সংগীতশিল্পী ও পরিচালকের বিয়ে- তাই গান ও অভিনয় জগতের কাছের বন্ধুদের উপস্থিতিতেই নতুন জীবনে প্রবেশ করলনে নবদম্পতি। ইরেশ জাকের, কণা, কোনাল, নুসরাত ফারিয়া, তাহসান, মিথিলা, তিশা, মোস্তফা সারোয়ার ফারুকী এবং আরও অনেক তারকা এবং নির্মাতারাও উপস্থিত ছিলেন।
সঙ্গীতশিল্পী এলিটা ডেইলি স্টার পত্রিকায় কর্মরত আছেন। প্রায় এক যুগ ধরে গান গাইছেন তিনি। তবে তার একক অ্যালবাম ‘এলিটা’ প্রকাশ হয়েছে ২৪ মে। ওদিকে ‘মুকিম ব্রাদার্স’ খ্যাত নির্মাতা আশফাক নিপুন সময়ের আলোচিত তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম।

