লাইফস্টাইল ডেস্ক : সামনে পবিত্র শব-ই-বরাত। এই দিনে নানা খাবারের সঙ্গে বরফির কদর থাকে অনেক বেশি। তাছাড়া আমাদের সংস্কৃতিতে শব-ই-বরাতের বিশেষ খাবার হিসেবে বরফি মিশে গেছে ওতোপ্রতভাবে। এই দিনে অতিথি আপ্যায়নে বাহারি স্বাদের ও ডিজাইনের বরফি বানানোর মৃদু প্রতিযোগীতাও চলে মা-চাচীদের মাঝে। এই দিনকে সামনে রেখে আজ দেখে নেয়া যাক বাহারি রূপে সুজির বরফি বানানোর কৌশল।
যা যা লাগবে
সুজি ১ কাপ, ঘি ও তেল ১ টেবিল চামচ, চিনি আধা কাপ, পানি ২ কাপ, এলাচ ও দারুচিনি ২ টা করে, কিশমিশ ও বাদাম সাজানোর জন্য।
যেভাবে করবেন
একটা পাত্রে পানির সঙ্গে চিনি দিয়ে চুলায় বসান। এলাচ ও দারচিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি গলে গেলে চুলার আচ কমিয়ে দিতে হবে। অপর একটা কড়াইয়ে ঘি ও তেল দিয়ে একটু গরম করতে হবে। তাতে সুজি ঢেলে দিয়ে ভাজতে হবে। সুজি হালকা বাদামী হলে চিনির সিরা ঢেলে দিতে হবে। নাড়তে নাড়তে সুজির পানি শুকিয়ে এলে প্লেইন একটা ট্রে বা প্লেটে ঢেলে দিন। যে প্লেটে সুজি ঢালবেন তাতে আগে থেকেই ঘি মাখিয়ে রাখবেন যাতে বরফি প্লেট এর তলায় আটকে না যায়। প্লেট এ ঢালার পর হাত দিয়ে আলতো করে চেপে সমান করে নিন। ঠাণ্ডা হওয়ার পর ছুরি দিয়ে বরফির আকারে কিংবা নিজের পছন্দমতো আকারে কেটে নিতে হবে। প্রতিটি বরফির উপরে কিশমিশ দিয়ে সাজিয়ে দিতে পারেন।

