নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় নাগরিক কমিটি আগামী ২৯ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণ-সংবর্ধনা দেবে। এ গণ-সংবর্ধণা অনুষ্ঠানকে সফল করার লক্ষে আগামীকাল সোমবার বিকেল ৪টায় শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের সঙ্গে ঢাকার পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার দলীয় সংসদ সদস্যদের সাথে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিকেল সাড়ে ৫টায় আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাথে ঢাকা মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হবে।
এ যৌথ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

