কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘সবার উপরে মানুষ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এক পরিবারের বাংলাদেশ গড়তে চাই। তাই অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে আরেকটি মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘একটি ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীতে যুদ্ধ করে যে কয়টি দেশ স্বাধীনতা লাভ করেছে তার মধ্যে বাংলাদেশ একটি। যার কারণে এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল।
অনুষ্ঠানে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক তরুণ কান্তি চাকী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
এর আগে, দুপুরে কুষ্টিয়ার হানিফনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকার বিএনপি ভাঙার চেষ্টা করছে- এটা বিভ্রান্তিমূলক কথা। বিএনপির মধ্যে যদি ভাঙন সৃষ্টি হয়, অন্য কেউ যদি নেতৃত্বে আসে, তবে সেটা তাদের ব্যাপার। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রমাণ হয়েছে বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বের প্রতি সাধারণ নেতাকর্মীদের আর আস্থা নেই। ইতোপূর্বে বেগম জিয়া যেসব কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীরা মাঠে নামেনি। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি তার দলের নেতাকর্মীরা অনাস্থা প্রকাশ করেছে।’
তিনি আরও বলেন, ‘এই অবস্থায় যদি বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টি হয়, অন্য কেউ যদি নেতৃত্বে আসে, তবে সেটা তাদের ব্যাপার। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই। সরকার তাদের দল ভাঙার চেষ্টা করছে- এসব বিভ্রান্তিমূলক কথা বলে নিজেদের পতন রোধ করা যাবে না।’

