চট্টগ্রাম প্রতিনিধি : ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের আত্মতৃপ্তিতে না ভোগার পরামর্শ দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেন, ‘ক্ষমতায় আছি বলে আত্মতৃপ্তিতে ভোগলে চলবে না। প্রতি ক্ষণে ক্ষণে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সাংগঠনিক শক্তিকে উত্তরোত্তর সুসংহত করতে হবে। ’
শুক্রবার বিকেলে দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।
আ জ ম নাছির বলেন, ‘নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী লড়াই সংগ্রামে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সারাদেশে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে। তাই চট্টগ্রামে জঙ্গিবাদীদের কোন বড় ধরণের নাশকতা হয়নি বরং তারা সবসময় কোণঠাসা ছিল। সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে আ জ ম নাছির বলেন, ‘দেশের সর্ববৃহৎ গণসংগঠন হিসেবে আমাদের মধ্যে ছোট খাট মতান্তর, মত ভিন্নতা থাকতেই পারে। এ বিষয়গুলো ইতিবাচকভাবে গ্রহণ করে আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে সকলকে মিলে মিশে দলীয় রাজনৈতিক মিশন, ভিশন বাস্তবায়নে সার্বক্ষনিকভাবে সক্রিয় থাকতে হবে।’
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘যারা এখনো পদে থেকে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ করছেন জণগণের দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন এবং দলীয় কর্মকান্ডে নিস্ক্রিয় ভূমিকা পালন করছেন, তাদের পরিবর্তে সক্রিয় ও গণমানুষের সাথে সম্পৃক্ত নতুন নেতৃত্বকে স্থলাভিষিক্ত করা হবে।’
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, ‘নির্বাচনোত্তর সময়ে প্রতিহিংসা পরায়ন হয়ে দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা একে অপরের বিরুদ্ধে যারা মামলা করেছেন তাদেরকে বলছি, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে মহানগর আওয়ামী লীগকে অবহিত করুন। আমরা সাংগঠনিক ভাবে এর শান্তিপূর্ণ সমাধান দেবো। কেননা এই ধরণের প্রতিহিংসামূলক হানাহানি দলীয় সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করতে পারে।’
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আলহাজ্ব এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল , আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, মহানগর শ্রমিক লীগের বখতিয়ার উদ্দিন খান, কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি, মহনগর যুবলীগের আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু,দেলোয়ার হোসেন খোকা ,ফরিদ মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের এড. জিয়াউদ্দিন, মহানগর ছাত্রলীগের ইমরান আহমেদ ইমু, নুরুল আজিম রণি প্রমুখ।
এছাড়া বর্ধিত সভায় ১৫টি থানা আওয়ামী লীগ ও ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক-আহবায়ক-যুগ্ম আহবায়ক উপস্থিত ছিলেন।

